
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ‘ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিভাগের উদ্যোগে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, যবিপ্রবির কেমিকৌশল বিভাগ মেধা ও গবেষণার মাধ্যমে বারবার বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। জাতীয় পর্যায়ের ইনোভেশন ফেয়ারে এ বিভাগের প্রজেক্ট প্রধানমন্ত্রী নিজে উপস্থাপন করেছেন, যা শিক্ষা ও গবেষণার উচ্চমানের বহিঃপ্রকাশ।
নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র, সমাজ ও পরিবারের প্রতি দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু একাডেমিক ডিগ্রি অর্জন নয়, উন্নত যোগাযোগ দক্ষতা, আইটি ও সফটওয়্যার জ্ঞান এবং টিমওয়ার্কের মতো আন্তঃব্যক্তিক দক্ষতাও অর্জন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষার্থীরা নতুন স্বাধীনতা পেলেও তা যেন স্বেচ্ছাচারিতা বা অন্যের ক্ষতির কারণ না হয়। সময়ের অপচয় না করে শুরু থেকেই লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। জীবনে নানা বাধা-বিপত্তি আসবে, সেগুলো অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব বয়ে আনবে।
কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাভেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানসহ বিভাগের শিক্ষকরা। এ সময় বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক ড. মোছা. আফরোজা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী মায়মুনা তাসনিম ও আদৃতা আশরাফি।
নবীনবরণ শেষে দুপুর ২টায় ‘ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার শুরু হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেমিকৌশল বিভাগের অ্যালামনাই ড. মো. রাফিউল হাসান, ড. সৈয়দ ইমদাদুল হোসেন সোহান ও তৌকির আহমেদ ইমরান। পরে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরটিভি/এমএম




