
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শীর্ষক ব্যানার ঝুলানোকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইবি শাখা ছাত্রশক্তিকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক বরাবর শোকজ নোটিশ পাঠান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
শোকজ পত্রে ছাত্রশক্তির আহবায়ককে উদ্দেশ্য করে বলা হয়, বিধি-বিধান উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘ছাত্রশক্তির’ নাম সম্বলিত একটি ব্যানার ঝুলানো হয়েছে। এহেন কর্মকাণ্ডে ক্যাম্পাসের শিক্ষার স্বাভাবিক ও সুষ্ঠ পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে।
এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার দায়ে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো।
বিস্তারিত জানতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে সোমবার (৫ অক্টোবর) ক্যাম্পাসের ঝালচত্বরে একটি ব্যানার টাঙ্গানো হলে ব্যানারটি ২ ঘণ্টার পর সন্ধ্যায় উধাও হয়ে যায়। এঘটনার পর সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পুনরায় একই ব্যানারটি প্রধান ফটক সংলগ্ন মুক্ত বাংলায় ঝুলিয়েছে সংগঠনটি। পরে আবারও উধাও হওয়ার ঘটনা ঘটে। এদিকে বিধি লঙ্ঘনের দায়ে সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসানকে কারণ দর্শানো নোটিশ দেয় প্রশাসন।
আরটিভি/জেএমএ


