
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন রাজশাহীর সর্বস্তরের চিকিৎসকরা।
বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহীর সর্বস্তরের চিকিৎসক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে চিকিৎসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের ওপর একদল ব্যক্তি চাপ সৃষ্টি করে তাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করেছেন। এ ধরনের ঘটনা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম, প্রশাসনিক স্বাধীনতা ও চিকিৎসা শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তারা।
বক্তারা বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। ভয়ভীতি, চাপ প্রয়োগ কিংবা ‘মব’ সৃষ্টি করে কাউকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
এ সময় ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান চিকিৎসকরা। একই সঙ্গে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও চিকিৎসা শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপও কামনা করা হয়।
আরটিভি/জেএমএ


