
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন শিক্ষক-গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডস ভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের প্রকাশিত ২০২৬ সালের এ বছরের গবেষণার ভিত্তিতে তৈরি তালিকায় তাদের নাম উঠে এসেছে।
গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, সহ-লেখকদের প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে ২০টি বৈজ্ঞানিক ক্ষেত্র ও ১৭৪টি উপক্ষেত্রে তাদের ক্যারিয়ার-লং ও সাম্প্রতিক এক বছরের গবেষণা-প্রভাব মূল্যায়ন করা হয়েছে। এ বছর বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে মোট ৩৪৭ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন।
তালিকাভুক্ত পাবিপ্রবির ৮জন শিক্ষক হলেন— গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম, সহযোগী অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম ও সহযোগী অধ্যাপক এসএম রায়হানুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ও সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. এএইচএম ইফতেখারুল ফেরদৌস।
উল্লেখ্য, গতবছর বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৪ জন শিক্ষক স্থান পেয়েছিলেন। এ বছরে নতুন ৪ জন বেড়ে মোট ৮জন শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছেন। ৮ জন শিক্ষকের মধ্যে টানা ৫বার বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় এবারও স্থান পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম। এছাড়াও এ তালিকায় এবারও স্থান পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম ও সহযোগী অধ্যাপক এসএম রায়হানুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ।
আরটিভি/ এসকেডি




