
‘তুফানুল আকসা’র ৩ বছর অতিক্রম হওয়ায় গাজাসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী ২৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মুন ও আহমাদ জামিল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ‘Steps of Solidarity’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার হরিপুর ব্রিজ থেকে ম্যারাথন শুরু করেন তারা। সকাল ১০টা ৪৫ মিনিটে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।
‘তুফানুল আকসা’ হলো—২০২৩ সালের ৭ অক্টোবর গাজা ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের সীমান্ত এলাকায় ইসরায়েলের বিরুদ্ধে হামাস বাহিনী পরিচালিত একটি ঐতিহাসিক ও ব্যাপক সামরিক অভিযান।
আয়োজকদের ভাষ্যমতে, ‘তুফানুল আকসা’র তিন বছর পূর্তি উপলক্ষে গাজাসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর প্রতি সংহতি প্রকাশ এবং নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ ম্যারাথনের আয়োজন করা হয়।
তাদের মতে, বিশ্বের মুসলমানরা এক দেহ-এক প্রাণ। গাজায় নির্যাতিত মানুষের কষ্ট এবং নারী ও শিশুদের দুর্ভোগ তাদেরও ব্যথিত করে।
ম্যারাথনে অংশ নেওয়া শাহরিয়ার মুন বলেন, ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নিরীহ শিশু, নারী ও জনগণের ওপর যে গণহত্যা চালায়, সে মিশনের নাম তারা দিয়েছিল ‘আল-আকসা ফ্লাড’ অভিযান। যার মর্মান্তিকতা বিশ্বব্যাপী সমাদৃত। We are here for Gaza. We are here for the innocent people who are suffering.
তিনি আরও বলেন, আমাদের আজকের আয়োজনটা শুধু গাজাকে কেন্দ্র করে নয়, আমরা পৃথিবীর সকল নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর প্রতি সংহতি প্রকাশ করছি।
অপর অংশগ্রহণকারী আহমাদ জামিল বলেন, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে গাজায় হত্যাকাণ্ড চলছে। এখানে এভাবে বলার কোনো সুযোগ নেই যে, ৭ অক্টোবর ২০২৩ সালে স্বাধীনতাকামী সংগঠনের হামলার পর থেকে হত্যাকাণ্ড শুরু হয়েছে। প্ল্যাটফর্মটি চেয়েছিল পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে, জানাতে চেয়েছিল গাজার জনগণ বাকিদের মতো স্বাভাবিক জীবনযাপন করছে না।
তিনি আরও বলেন, সবার চোখের সামনে তিন বছরে ৭৪ হাজার মানুষকে হত্যা করা হলো, ধ্বংসস্তূপের নিচে থাকা মানুষের সংখ্যা তো অজানাই রয়ে গেল। গাজা প্রমাণ করে দিল—পৃথিবীর কোনো কেন্দ্রীয় শক্তি নেই এবং আমাদের বিবেক ধ্বংস হয়ে গেছে। আমরা এই নৃশংসতার দ্রুত অবসান চাই।
আরটিভি/টিআর




