
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজে টানা ১২ দিন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল বিভাগের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৮ই অক্টোবর থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। তবে সরকারি নির্ধারিত ছুটি ব্যতীত কলেজ অফিস ও বিভাগসমূহের কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১৭ অক্টোবর (শনিবার) অফিস ও বিভাগ খোলা থাকবে এবং ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত কলেজ পুরোপুরি বন্ধ থাকবে।
ছুটি ও দুর্গাপূজা উপলক্ষ্যে কলেজের শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী অনিক বলেন, হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। আমরা প্রতি বছর এই দিনগুলোর অপেক্ষায় থাকি। ছুটি পেয়ে খুব ভালো লাগছে। আশা করছি পরিবারের সাথে উৎসবের দিনগুলো খুব সুন্দর কাটবে।
আরটিভি/এমএম


