
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। চলমান দুর্গাপূজার ছুটি শেষে এ কর্মসূচি শুরু হবে।
শনিবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘Green & Clean Campus First’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ এ দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ঢাবি ছাত্রদলের হল শাখাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ লক্ষ্য হলো দেশে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা। সেই লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করার উদ্দেশ্যে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে নিজ পরিবার থেকে শুরু করে ক্যাম্পাসের সহপাঠী ও পরিচিতজনসহ সবার মধ্যে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারা।
আরটিভি/এসকে



