
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে প্রশাসন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হলপাড়ায়ও ড্রোন উড্ডয়ন করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক।
এর আগেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিয়ে আপত্তি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে ছাত্রী হল সংলগ্ন এলাকায় ড্রোনের চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। আবাসিক ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।
এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো ধরনের ড্রোন ক্যামেরা ওড়ানো যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রক্টর অফিসের অনুমতি গ্রহণ করতে হবে। পাশাপাশি ড্রোন পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরটিভি/এমএম




