ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

দীর্ঘ পাঁচ বছর দুই মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোটেকনোলজি গবেষক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ পেটেন্ট অফিস তার উদ্ভাবিত ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন করেছে। দেশের কৃষি খাতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিকাশে এ অর্জন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ড. জাভেদ হোসেন খানের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ন্যানো ইউরিয়ার পেটেন্টের জন্য আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও আবেদনটির অনুমোদন পাওয়া যায়নি। পরবর্তী সময়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ’র সরাসরি দিকনির্দেশনা ও সহযোগিতায় পেটেন্ট অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে যায়। অবশেষে আজ এ উদ্ভাবনের স্বীকৃতি পাওয়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

পেটেন্ট অনুমোদনের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. জাভেদ হোসেন খান সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ২০২১ সালে আমরা বাংলাদেশ পেটেন্ট অফিসে আবেদন করেছিলাম। দীর্ঘ সময় অপেক্ষার পর আজ পেটেন্টের অনুমোদন পেয়েছি। এ অর্জনের পেছনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উপদেষ্টা জনাব মো. ইসমাইল জবিউল্লাহর আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, আমাদের গবেষণা ও উদ্ভাবনের মূল লক্ষ্য হলো দেশের মানুষের কল্যাণ সাধন। দেশের মাটি, দেশের কৃষি এবং কৃষকের স্বার্থকে সামনে রেখেই আমরা কাজ করছি। ন্যানো ইউরিয়া কার্যকরভাবে প্রয়োগ করা গেলে ইউরিয়া সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি, সারের অপচয় হ্রাস, উৎপাদন ব্যয় কমানো এবং ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পরিবেশের ওপর সারের অতিরিক্ত ব্যবহারের চাপ কমাতেও এটি ভূমিকা রাখবে।

পেটেন্ট পাওয়ায় উচ্ছাস প্রকাশ করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের দীর্ঘ দিনের সাধনা ও গবেষণার ফসল এই ‘ন্যানো ইউরিয়া সার’-এর পেটেন্ট প্রাপ্তি যবিপ্রবি পরিবারসহ সমগ্র জাতির জন্য এক অত্যন্ত গৌরবের বিষয়। এই যুগান্তকারী উদ্ভাবন কেবল আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার সক্ষমতাই প্রমাণ করে না, বরং দেশের কৃষিখাতে এক বিরাট বিপ্লব ঘটানোর সম্ভাবনা তৈরি করেছে। প্রচলিত ইউরিয়া সারের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এবং পরিবেশবান্ধব উপায়ে সমান পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে এই প্রযুক্তি আমাদের কৃষকদের উৎপাদন খরচ বহুগুণ কমিয়ে আনবে। একইসঙ্গে এটি সরকারের কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে এবং ইউরিয়া আমদানির ওপর নির্ভরতা কমাতে অনন্য ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ড. জাভেদের এই সাফল্য আমাদের অন্যান্য গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনমূলক কাজে আরও বেশি অনুপ্রাণিত করবে। যবিপ্রবি সবসময় দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত এমন সৃজনশীল এবং বিজ্ঞানভিত্তিক গবেষণাকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমি অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানকে এই ঐতিহাসিক অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

বাংলাদেশে ন্যানোটেকনোলজি গবেষণার বিকাশে অধ্যাপক ড. জাভেদ হোসেন খান দীর্ঘদিন ধরে কাজ করছেন। ২০১৩ সাল থেকে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব গবেষণাগার পরিচালনা করছেন। তার প্রতিষ্ঠিত ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (ন্যাম) ল্যাবে ন্যানোটেকনোলজি ও উন্নত উপকরণ নিয়ে গবেষণা পরিচালিত হচ্ছে। ২০২৫ সালে তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হন।

সংশ্লিষ্ট গবেষকদের মতে, ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন উদ্ভাবনটির আরও উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা সৃষ্টি করেছে। যথাযথ বৈজ্ঞানিক পরীক্ষা, মাঠপর্যায়ে কার্যকারিতা যাচাই এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনটি কৃষিক্ষেত্রে প্রয়োগ করা গেলে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

দেশীয় গবেষণালব্ধ প্রযুক্তিকে বাস্তব প্রয়োগে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ পেটেন্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন উদ্ভাবনটির কার্যকর বাণিজ্যিকীকরণ, কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে প্রযুক্তিটি পৌঁছে দেওয়া এবং দেশের কৃষি ও শিল্প খাতে এর সম্ভাবনাকে কাজে লাগানোই হবে পরবর্তী লক্ষ্য।

উদ্ভাবক পুনর্ব্যক্ত করেন যে এটি একটি মূল্যবান জাতীয় সম্পদ। এর সুরক্ষা এবং দেশ ও জাতির সর্বোচ্চ কল্যাণে এর ব্যবহার নিশ্চিত করতে তিনি অবিচল ও দায়বদ্ধ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার (২২ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
গত ১৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাছা থানার তদন্ত ওসি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক মিছিল
গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল করেছে শাখা ছাত্রদল।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক মিছিল
হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে ‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’—এমন মন্তব্যের মাধ্যমে অনৈতিক প্রস্তাব ও পরবর্তীতে হেনস্তার অভিযোগ তুলেছেন এক নারী শিক্ষার্থী।
হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক রুয়েট সেক্রেটারি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী শামীম। 
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক রুয়েট সেক্রেটারি গ্রেপ্তার
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞানচর্চায় স্কুলশিক্ষার্থীদের আগ্রহী করতে যবিপ্রবিতে ব্যতিক্রমী উদ্যোগ
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত