
ডিসেম্বরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকা নিয়ে কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকায় ব্যানার টানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
রোববার (৮ নভেম্বর) সকালে জবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির বিষয়ে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা ছড়িয়ে দিতেই তাদের এ আয়োজন। তার ভাষ্য, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক গুরুত্ব এ মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে আলোচনা রয়েছে, তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন বলে দাবি করেন তিনি। এ সময় তার প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশের কোটি কোটি মানুষ রয়েছেন বলেও মন্তব্য করেন এই নেতা।
ডিসেম্বরের প্রত্যাশা তুলে ধরে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, দেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হওয়া উচিত। রাজনৈতিক বিভেদ ও প্রতিহিংসার পরিবর্তে সহাবস্থান, ন্যায়বিচার এবং সংঘাতের বদলে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। পরে ২০২৫ সালের ১২ মে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।
আরটিভি/টিআর




