
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে শ্বশুরবাড়িতে ডাকাতি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবদুল আজিজ জিশানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জিশানের শ্বশুর আবুল বাসার লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জিশান লক্ষ্মীপুর পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের কালু হাজী রোডের মৃত জালাল আহমেদের ছেলে, স্থানীয় ছাত্রলীগ নেতা এবং আবুল বাসারের ছোট মেয়ের জামাই।
জানা যায়, ছয় মাস আগে আবদুল আজিজ জিশানকে প্রেম করে বিয়ে করেন আবুল বাসারের ছোট মেয়ে ফাহিমা আক্তার প্রিয়া। বিয়ের পর থেকে জিশান বিভিন্নভাবে প্রিয়াকে শারীরিক নির্যাতন করত। এ নিয়ে কয়েকবার পারিবারিকভাবে বৈঠকও হয়েছে।
ফাহিমা আক্তার প্রিয়া বলেন, জিশানকে আমি প্রেম করে বিয়ে করি। বিয়ের পর থেকে সে নানাভাবে আমাকে নির্যাতন করে। সে নেশার সঙ্গেও জড়িয়ে পড়েছে। এছাড়া আমার নামে ভবানীগঞ্জ কলেজের পাশে একটি জমি রয়েছে, সেটি বিক্রি করে তাকে টাকা দিতেও চাপ প্রয়োগ করে সে। কিছুদিন আগে আমাকে কৌশলে লক্ষ্মীপুর সোনার বাংলা গেস্ট হাউসে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়। পরে আমার পরিবার আমাকে উদ্ধার করে আনে। এখন আবার বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে।
আবুল বাসার অভিযোগ করে বলেন, জিশান আমার মেয়েকে সব সময় নির্যাতন করত। এ নিয়ে কয়েকবার পারিবারিক বৈঠকও হয়েছে। কিন্তু তার নির্যাতন থামেনি। গত ২৬ নভেম্বর সে আমাদের ঘরে ঢুকে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। এছাড়া আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন আবদুল আজিজ জিশান। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় রয়েছেন বলেও জানান।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক মহসিন কবির বলেন, একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগটির তদন্ত চলছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এমএ


