
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতার অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতাল পরিচালকের কক্ষে তাদের আশ্রয় নেওয়া এবং গ্রেপ্তারের বিষয়ে প্রশাসনের গড়িমসির অভিযোগের মধ্যে ছাত্রশিবিরের নেতাকর্মীদের চাপের মুখে শেষ পর্যন্ত ওই দুই নেতাকে পুলিশে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে অবস্থান নেয়। সেখানে এদের গোপন বৈঠক ও আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিশাহাদত মাহমুদ তপু তাৎক্ষণিকভাবে সাধারণ শিক্ষার্থীদের খবর দেন।
খবর পেয়ে সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মেডিকেল কলেজ শাখার নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন এবং ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হলেও এদের গ্রেপ্তারের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে গড়িমসি করা হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর চড়াও হয় বলেও অভিযোগ ওঠে।
পরিস্থিতির একপর্যায়ে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নিয়ে ওই দুই নেতাকে পুলিশের হাতে সোপর্দ করার দাবি অব্যাহত রাখেন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, তাদের সম্মিলিত চাপের মুখে শেষ পর্যন্ত প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হয়। পরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ওই দুই ছাত্রলীগ নেতাকে পরিচালকের কক্ষ থেকে বের করে পুলিশের হাতে তুলে দেন।
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি পুলিশ ও কলেজ প্রশাসনের জানা থাকা সত্ত্বেও সে সময় কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আরটিভি/এমএম




