
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ। পাশাপাশি পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার বিবেচনায় জাতীয় পর্যায়েও তৃতীয় স্থান অর্জন করেছে কলেজটি। তাই এখন শুধু বোর্ডসেরা নয়, দেশসেরা হতে চায় প্রতিষ্ঠানটি।
বুধবার (১১ নভেম্বর) আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান। নিয়মিত পাঠ মূল্যায়ন, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ, কাউন্সেলিং এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যে ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।
তিনি জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পরিকল্পিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে কলেজ প্রশাসন। প্রতিটি বিষয়ের পাঠ্যসূচিকে পাঁচটি টার্মে ভাগ করে লেসন প্ল্যানের মাধ্যমে পাঠদান, নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ, ফলাফল মূল্যায়ন এবং অভিভাবকদের অবহিত করা হচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থাও রাখা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু রয়েছে ডিজিটাল হাজিরা পদ্ধতি। কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তাৎক্ষণিকভাবে তার অভিভাবকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়। পাশাপাশি কাউন্সেলিং শিক্ষকদের মাধ্যমে অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল অভিভাবকদের জানানো, তাদের মতামত গ্রহণ এবং নিয়মিত অভিভাবক সমাবেশের আয়োজন করা হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত সমস্যার সমাধানে তাদের ছোট ছোট গ্রুপে ভাগ করে নির্দিষ্ট কাউন্সেলিং শিক্ষকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এসব শিক্ষক নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা, মানসিক অবস্থা ও ব্যক্তিগত উন্নয়ন পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়মিত মেস পরিদর্শনের ব্যবস্থাও রয়েছে।
ক্লাস ও পরীক্ষায় বিশেষত্ব নিয়ে কলেজ অধ্যক্ষ জানান, প্রাক-নির্বাচনী পরীক্ষার পর শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বিশেষ ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা করা হয়। নির্বাচনী পরীক্ষার পর মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে সমগ্র সিলেবাসের ওপর লেকচার শিট, রিভিশন ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। এইচএসসি পরীক্ষার বিরতিতে সম্পূর্ণ সিলেবাস পুনরায় ঝালাই করতে ওয়ান শট ক্লাস এবং ব্যবহারিক পরীক্ষার আগে হাতে-কলমে অনুশীলনের ব্যবস্থা করা হয়। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের নিয়মিত পুরস্কৃত করেও উৎসাহিত করা হয়।
শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। শিক্ষকদের পাঠদানের মান উন্নয়নে ইন-হাউজ প্রশিক্ষণ ও মাইক্রোটিচিং কার্যক্রম চালু রয়েছে। বিষয়ভিত্তিক জ্ঞান, প্রযুক্তি ও আধুনিক পাঠদান কৌশলে শিক্ষকদের দক্ষ করে তুলতে সরকারি প্রশিক্ষণের পাশাপাশি নিজস্ব উদ্যোগেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষকদের যথাসময়ে বেতন-ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, প্রণোদনা ও পদোন্নতি নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।
কলেজের ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে অধ্যক্ষ বলেন, আমরা টানা দ্বিতীয় বছর ময়মনসিংহ বোর্ডে প্রথম স্থান অর্জন করেছি। এর আগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেবি কলেজের ঈর্ষনীয় সাফল্য রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। কলেজের অধ্যক্ষ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান এবং একজন শিক্ষক শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এখন কলেজের লক্ষ্য দেশসেরা হওয়া। এর জন্য আরও যা যা করা প্রয়োজন, কলেজের স্বার্থে কর্তৃপক্ষ সবকিছু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরটিভি/জেএমএ


