
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সভায় উপস্থিত দুই ডিনসহ একাধিক শিক্ষক জানান, ইউনিটভিত্তিক ভর্তি যোগ্যতা অনুযায়ী যেসব শিক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৩ অথবা ৩.৫ রয়েছে, তারা প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পর নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে পারলে তারা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফলে নির্ধারিত যোগ্যতা অর্জন করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে তাদেরও অন্য আবেদনকারীদের মতো নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন বাতিল হলে জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আবেদন ফি অফেরতযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে সভায় উপস্থিত একটি অনুষদের ডিন বলেন, এইচএসসিতে যারা দুই বিষয়ে ফেল করেছেন, তারা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করতে পারেন, তাহলে তাদের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ রাখা হচ্ছে। নির্ধারিত শর্ত অনুযায়ী জিপিএ অর্জন করতে হবে। এসএসসিতে যাদের ইতোমধ্যে ৩ বা সাড়ে ৩ জিপিএ রয়েছে, তারা এ সুযোগ পাবেন।
আবেদন করার পর যোগ্যতা পূরণ করতে না পারলে ফি ফেরত দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওই ডিন জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত তারিখেই অনুষ্ঠিত হবে।
পরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু। তিনি বলেন, আগের ঘোষিত তারিখেই ভর্তি পরীক্ষা হবে। এইচএসসিতে দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবে। আগামীকাল বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এর আগে বুধবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শুরু হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার সময়সূচি
আগের ঘোষণা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই-এর মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ইউনিট-এ-এর পরীক্ষা ২০২৭ সালের ১ জানুয়ারি, ইউনিট-ই-এর ৮ জানুয়ারি, ইউনিট-বি-এর ১৫ জানুয়ারি, ইউনিট-সি-এর ২২ জানুয়ারি এবং ইউনিট-ডি-এর পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আরটিভি/জেএমএ


