
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য কোনো শিক্ষার্থী এ সুযোগ পাবেন না।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিজ কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
তিনি জানান, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য (সাপ্লিমেন্টারি) শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে কোনো শিক্ষার্থী দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হলে তিনি আবেদনের সুযোগ পাবেন না।
ভর্তি পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে উপ-উপাচার্য বলেন, বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় পরীক্ষার সময়সূচি পরিবর্তনের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের তিনটি বিভাগীয় শহরে একযোগে একই তারিখ ও সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
আরটিভি/এমএম



