
ব্যাডমিন্টন খেলার সময়সীমা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসরাফিল রাব্বি নামে এক শিক্ষার্থী চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এ ঘটনায় রুবেল রানা নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত ইসরাফিল রাব্বি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আটক রুবেল রানা রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও হল প্রশাসন সূত্রে জানা যায়, হলের মাঠে রাত ১২টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলার সময় নির্ধারিত থাকলেও কয়েকজন শিক্ষার্থী নির্ধারিত সময়ের পরও খেলছিলেন। এ সময় রুবেল রানা তাদের খেলতে বাধা দেন। এ নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। এতে ইসরাফিল রাব্বি চোখে গুরুতর আঘাত পান। পরে পুলিশ রুবেল রানাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, যিনি চোখে আঘাত পেয়েছেন, তাকে চট্টগ্রামে রেফার করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও এসেছিলেন। তিনি সম্ভবত পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে তাকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, খেলাকে কেন্দ্র করে এটি হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। আর যেহেতু অভিযুক্তকে হাটহাজারী থানা পুলিশ নিয়ে গেছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, অভিযুক্ত বর্তমানে হাজতখানায় রয়েছেন। তবে এখনো কোনো মামলা করা হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রুবেল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরটিভি/জেএমএ




