
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের চিন্তাভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবন পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "আমরা ঘুরে ঘুরে ৮-১০টি প্রজেক্ট দেখলাম। কৃষি, ফিশারিজ ও গবাদি পশুর এই প্রজেক্টগুলো খুবই আশাব্যাঞ্জক।
এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমরা মনে করি, এগুলো আগামীতে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। আমরা যেটা করব—যারা এই উদ্যোগগুলো নিয়েছেন, তারা যেন আরও বড় পরিসরে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আমরা সর্বাত্মক ভূমিকা রাখব।"
অন্যদিকে, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, ‘আজকের এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। আমরা ডিজিটাল যুগে বসবাস করছি; আমাদের আজকের এই উদ্ভাবনগুলো যদি সত্যিই বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে আমরা বহুদূর এগিয়ে যাব এবং এর মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশকেও আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।’
বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৭৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫০টি প্রকল্প নির্বাচিত হয়েছে। এবারের আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বাধিক প্রকল্প ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী তরুণ বিজ্ঞানীদের খুঁজে বের করা এবং তাদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
আরটিভি/ এসকেডি



