
বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২৫ নভেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ বছর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করেছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ হয়ে প্রধান ফটক দিয়ে ঘুরে আবার হাদী চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনপ্রধান, প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া শোভাযাত্রায় খুলনার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিশিষ্ট গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এবং দ্বিতীয় ক্যাম্পাসে নতুন বিষয়ে পাঠদান চালুর অনুমোদন দেওয়া হয়েছে। জ্ঞানভিত্তিক অর্থনীতি ও সমাজ নির্মাণ এবং দেশে এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে চাই।
ড. মামুন আহমেদ বলেন, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সেগুলোর সমাধানে খুলনা বিশ্ববিদ্যালয়কে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব সময় পাশে থাকবে। আমার বিশ্বাস, অদূর ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় পুরো দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী এবং ছাত্রবিষয়ক পরিচালক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমার জীবনের অর্জন ও পথচলার একটি বড় অংশজুড়ে রয়েছে এই খুলনা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে। তাই আজ আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি, আমরা খুবিয়ান। এই পরিচয় আমাদের জন্য শুধু গর্বের নয়, বরং এটি আমাদের দায়িত্ব ও অঙ্গীকারেরও প্রতীক।
আমরা বিশ্বাস করি, খুলনা বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেই নয়, বরং দেশ ও জাতির উন্নয়নে দক্ষ, যোগ্য ও মানবিক নেতৃত্ব তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানকার শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা, সততা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে।
আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় আগামী দিনে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আরও উচ্চতর অবস্থানে পৌঁছাবে—এটাই আমার প্রত্যাশা।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে গত বছর কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।
এ ছাড়া সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন ভবন, হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
আরটিভি/টিআর



