ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ছোট ক্যাম্পাসের হতাশা, ভবিষ্যৎ পরিকল্পনায় বুটেক্স

বুটেক্স সংবাদদাতা,আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
বুটেক্স। ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তাদের আগ্রহের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে ক্যাম্পাস। পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ, অবকাঠামো, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

দেশের একমাত্র বিশেষায়িত টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অবস্থান রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে। প্রতিবছর ১১টি বিভাগে প্রায় সাড়ে ৬০০ শিক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পান। দেশের রপ্তানি আয়ের বড় অংশের জোগান দেওয়া বস্ত্র ও পোশাকশিল্পে অবদান রাখার স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা ভর্তি হন ১১ একরের এই ক্যাম্পাসে। তবে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসের সীমিত আয়তন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিয়ে রয়েছে নানা প্রত্যাশা ও অসন্তোষ। শিক্ষার্থীদের এসব প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে, আর ভবিষ্যতে বুটেক্সকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনাই বা কী?

ভর্তির আগে বুটেক্স নিয়ে ধারণা

বুটেক্সে ভর্তির আগে অনেক শিক্ষার্থীরই বিশ্ববিদ্যালয়টির পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা থাকে না। অগ্রজ শিক্ষার্থী ও ইন্টারনেটের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং একাডেমিক কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করেন। এসব তথ্যের ভিত্তিতে পছন্দের বিভাগ নির্বাচন করেন অনেকে।

ভর্তির দিন অপরিচিত পরিবেশে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে গিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় নবীন শিক্ষার্থীদের। কারণ, এখনো বুটেক্সের ভর্তি প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ অটোমেশন চালু হয়নি। এ ক্ষেত্রে নবীনদের সহযোগিতায় এগিয়ে আসেন জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবন থেকে নিজ নিজ বিভাগের একাডেমিক ভবনে পৌঁছানোসহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করেন তাঁরা।

এ অভিজ্ঞতার কথা জানিয়েছেন বুটেক্সের ৫২তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা ইসলাম শেফা। তিনি বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন। ভর্তি হওয়ার আগে বুটেক্সের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে শুনেছিলেন তিনি। তবে ভর্তির দিন জ্যেষ্ঠদের সহযোগিতায় সেই সম্পর্কের বাস্তব প্রমাণ পান। তাদের সহায়তায় সহজেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পেরেছিলেন তিনি।
এভাবে নতুন পরিবেশে মানিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ান অগ্রজরা। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের প্রাথমিক ভিত্তি তৈরি হয়।

ক্যাম্পাসের পরিবেশ ও অবসরযাপন

রাজধানীর ব্যস্ত তেজগাঁও শিল্পাঞ্চলের মধ্যে সবুজে ঘেরা বুটেক্স ক্যাম্পাসটি আয়তনে ছোট হলেও বেশ গোছানো। তবে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য ১১ একরের এই ক্যাম্পাস কতটা পর্যাপ্ত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে একাডেমিক কার্যক্রম। এর বাইরে গবেষণা ও অন্যান্য কাজে অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাসে অতিরিক্ত সময় কাটাতে হয়। ফলে দীর্ঘ সময়ের ব্যস্ততার ফাঁকে একটু নিরিবিলি পরিবেশে বসা কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ।

তবে ক্যাম্পাসে অবসর কাটানোর জায়গা সীমিত। এ বিষয়ে ৫১তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাদিয়া হোসেন বলেন, গত এক বছরের অভিজ্ঞতায় ক্যাম্পাসের আয়তন ও খোলামেলা পরিবেশ নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট নন। ক্লাসের বাইরে সময় কাটানোর জন্য ছাত্রীদের একটি কমন রুম থাকলেও ছাত্রদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে অনেকেই মাঠের কয়েকটি বেঞ্চ কিংবা ইএসই কর্নারে বসে সময় কাটান। তার মতে, বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য এসব জায়গা পর্যাপ্ত নয়।

ক্যাম্পাসের বাইরের পরিবেশও শিক্ষার্থীদের জন্য কিছুটা অসুবিধার কারণ। তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থানের কারণে সড়কে যানবাহনের শব্দ ও ব্যস্ততা নিত্যদিনের বিষয়। মালবাহী ট্রাক থেকে অটোরিকশা—সব ধরনের যানবাহন চলাচল করায় সড়ক পারাপারেও সমস্যায় পড়তে হয় শিক্ষার্থীদের। এছাড়া ক্যাম্পাসে একটি মাত্র ক্যান্টিন থাকায় সেখানে আসনসংকট দেখা যায়। আশপাশে স্বাস্থ্যসম্মত খাবারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুপুরের খাবার নিয়েও বিপাকে পড়েন অনেক শিক্ষার্থী।

প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান

অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের ক্যাম্পাসে গেলে অনেক বুটেক্স শিক্ষার্থীর মনেই প্রশ্ন জাগে, তাঁদের ক্যাম্পাসটিও যদি আরও বড় হতো! রাস্তার দুই পাশে সারি সারি গাছ, সবুজে ঘেরা হাঁটার পথ, বন্ধুদের সঙ্গে দীর্ঘ আড্ডা কিংবা শীতের রোদে বসে গল্প করার মতো পরিবেশ—বিশ্ববিদ্যালয়জীবন নিয়ে এমন স্বপ্ন থাকে অনেকেরই।

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় লাইব্রেরি, জিমনেশিয়াম, ইনডোর গেমস, সুইমিং পুল, মিলনায়তন ও খেলার মাঠ শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অংশ। কোথাও কোথাও প্রতিটি বিভাগের জন্য রয়েছে আলাদা ভবন ও গবেষণাগার। এসব সুযোগ-সুবিধার সঙ্গে নিজেদের ক্যাম্পাসের তুলনা করলে বুটেক্সের সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

বুটেক্সের ৪৯তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মামিরুল ইসলাম মনে করেন, ১১ একরের ক্যাম্পাসে হাঁটাচলা ও অবসর কাটানোর জায়গা সীমিত। একই ভবনে একাধিক বিভাগের কার্যক্রম পরিচালিত হয়। অনেক সময় ল্যাব ক্লাসের জন্য অন্য বিভাগের ল্যাবে যেতে হয়। ক্লাস শেষে ক্যাম্পাসে কিছুটা সময় কাটানোর সুযোগও সীমিত। কয়েক কদম হাঁটলেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।

অবকাঠামোগত সংকট

বুটেক্সের ১১টি বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে মূলত একটি একাডেমিক ভবনে। একই তলায় একাধিক বিভাগের কার্যক্রম পরিচালনা এবং পর্যাপ্ত গবেষণাগারের অভাব শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেক বিভাগের নিজস্ব গবেষণাগার না থাকায় ব্যবহারিক ক্লাস ও গবেষণার ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি হয়।

এ বিষয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী দিব্যজিত সাহার জানান, প্রতিটি বিভাগের নিজস্ব ফ্লোরে শ্রেণিকক্ষ থাকা প্রয়োজন। এতে শ্রেণিকক্ষের সংকট কমার পাশাপাশি শিক্ষকদের জন্য পৃথক কার্যালয় ও টিচার লাউঞ্জের ব্যবস্থা করা সম্ভব হবে। গবেষণাগারের ব্যবহারিক সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, শুধু প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেই গবেষণাগার শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ হয়ে ওঠে না। এর পাশাপাশি দক্ষ ও ধৈর্যশীল ল্যাব প্রশিক্ষক নিয়োগও জরুরি।

অন্যদিকে, ৫০তম ব্যাচের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন শ্রেণিকক্ষের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শ্রেণিকক্ষে পর্যাপ্ত বায়ু চলাচল ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ফলে গরমের দিনে ক্লাস করতে শিক্ষার্থীদের অসুবিধা হয়। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বোর্ডের ব্যবহার বাড়লেও বুটেক্সে এখনো মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যেই পাঠদান সীমাবদ্ধ রয়েছে বলে মনে করেন তিনি।

শুধু ভবনের সংখ্যা বাড়ালেই এসব সমস্যার সমাধান হবে না বলে মনে করেন শিক্ষার্থীরা। বিভাগভিত্তিক গবেষণাগার সম্প্রসারণ, উন্নত বায়ু চলাচল ব্যবস্থা, রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা এবং আধুনিক গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা।

দ্বিতীয় ক্যাম্পাসের দাবি

বর্তমান ক্যাম্পাসের আয়তন, অবস্থান ও সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা বিবেচনায় দীর্ঘদিন ধরে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন বুটেক্সের শিক্ষার্থীরা। তাদের মতে, টেক্সটাইল ও ম্যাটেরিয়ালস সায়েন্সের মতো প্রযুক্তিনির্ভর বিষয়ে আধুনিক গবেষণাগার, বিশেষায়িত ল্যাব এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করা গেলে এসব সুবিধা পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব।

এ বিষয়ে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী প্রান্ত মজুমদার বলেন, দ্বিতীয় ক্যাম্পাসে আধুনিক গবেষণাগার, বিশেষায়িত ল্যাব, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণাকেন্দ্র ও উন্নত লাইব্রেরি প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। পাশাপাশি খেলাধুলার মাঠ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় অন্যান্য সুবিধাও সেখানে গড়ে তোলা সম্ভব হবে।

তবে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল প্রকল্প। তাই বর্তমান ক্যাম্পাসের জায়গা ও অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার, প্রয়োজনীয় ল্যাব সংস্কার এবং বিদ্যমান সুযোগ-সুবিধার উন্নয়নও জরুরি। একই সঙ্গে সম্ভাব্য স্থান, অর্থায়ন, পরিবহন, আবাসন ও দুই ক্যাম্পাসের মধ্যে একাডেমিক সমন্বয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনায় বুটেক্স

শিক্ষার্থীদের ক্যাম্পাস ও অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে বিভিন্ন গবেষণাগার সংস্কার ও আধুনিকায়নের কাজ চলছে। পাশাপাশি এডিবির অর্থায়নে এবং সিসিইপি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বুটেক্সের দক্ষিণ-পূর্ব কোণে ১৩ তলাবিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। এতে সিসিইপি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও বিনোদনের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

উপাচার্য আরও জানান, আগামী ৫০ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে। এছাড়া জি এম এ জি ওসমানী হলের পাশে আবাসিক শিক্ষার্থীদের জন্য নতুন ১০ তলা ভবন এবং শিক্ষকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতা ও অর্থায়ন গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

তবে সীমাবদ্ধতার মধ্যেও ছোট ক্যাম্পাসের আলাদা সৌন্দর্য রয়েছে বলে মনে করেন অনেক শিক্ষার্থী। শিক্ষক, জ্যেষ্ঠ, কনিষ্ঠ ও সহপাঠীদের সঙ্গে প্রতিদিন দেখা হওয়ায় সবার মধ্যে পরিচিতি ও আন্তরিকতা তৈরি হয়। ছোট পরিসরের কারণে শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগও তুলনামূলক সহজ। বিস্তৃতির অভাব থাকলেও এই সম্পর্ক ও মেলবন্ধন বুটেক্সের অন্যতম শক্তি।

তবু শিক্ষার্থীদের প্রত্যাশা, একদিন বুটেক্স একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে। প্রতিটি বিভাগের জন্য আলাদা ভবন ও আধুনিক গবেষণাগার, বিস্তৃত খেলার মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবকাঠামো এবং পর্যাপ্ত আবাসিক সুবিধা থাকবে সেখানে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।
নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
ভোরের কুয়াশা ও হালকা শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
দেশের জ্বালানি সংকট ও সমাধানের পথ নিয়ে চবি শিক্ষার্থীদের কর্মশালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের চলমান জ্বালানি সংকট, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও সংকট সমাধানে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দেশের জ্বালানি সংকট ও সমাধানের পথ নিয়ে চবি শিক্ষার্থীদের কর্মশালা
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চার শিক্ষার্থীর একটি দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞান মেলার বিভাগীয় পর্বে এ সাফল্য অর্জন করেন তারা।  এই প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন— বর্ষণ কর্মকার প্রান্ত, জাকারিয়া আলম বাপ্পী, সাদিয়াতুল কেয়া ও মিনহাজুল আবেদিন হৃদয়। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। জানা যায়, প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০৮টি দল অংশ নেয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাতটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দলটি তৃতীয় স্থান অর্জন করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাকি ছয়টি দল সেরা ৩০-এর মধ্যে স্থান করে নিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।   এছাড়া বাকি ৬টি টিমই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এসময় বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৭৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫০টি প্রকল্প নির্বাচিত হয়েছে। ইসলাসী বিশ্ববিদ্যালয়ের গবেষণার দলটি বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা সম্পন্ন ব্যাকটেরিয়া খুজে বের করে উপকুলীয় লবনাক্ত এলাকায় বায়োবিদ্যুত, বায়োফুয়েল ও বায়োফার্টিলাইজার তৈরির পাশাপাশি বায়োরিমিডিয়েশনের কাজ করছে বলে জানা গেছে। উল্লেখ্য, দিনব্যাপী খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। আরটিভি/এসআর
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় বুটেক্সের আরিয়ানের দল
আইইবি নির্বাচন ঘিরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ‘ইঞ্জিনিয়ার্স গেট টুগেদার’
রাষ্ট্রপতির সঙ্গে বুটেক্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু