
কোনো সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বদরুন্নেসা ক্যাম্পাসের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফিফা বুশরা।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে তার গবেষণাপত্রটি উপস্থাপনের জন্য গৃহীত হয়। গবেষণাপত্রটির অ্যাবস্ট্রাক্ট নম্বর PP158।
আফিফা বুশরার গবেষণার শিরোনাম ‘Spatial Variation and Human Health Risk Assessment of Heavy Metal Concentration in Drinking Water Across Industrial and Municipal Zones of Bangladesh: A Secondary Data-Driven Study’। এতে বাংলাদেশের শিল্পাঞ্চল ও পৌর এলাকার পানীয় জলে ভারী ধাতুর ঘনত্বের স্থানভেদে তারতম্য এবং এর সম্ভাব্য মানবস্বাস্থ্যগত ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে।
গবেষণায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও খুলনা অঞ্চলের পানীয় জলে আর্সেনিক (As), সিসা (Pb), ক্রোমিয়াম (Cr), ক্যাডমিয়াম (Cd), আয়রন (Fe) ও ম্যাঙ্গানিজ (Mn)—এই ছয়টি ভারী ধাতুর উপস্থিতি ও ঘনত্বসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। পূর্বপ্রকাশিত গবেষণা ও তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিচালিত এ গবেষণায় সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিরূপণে Hazard Index (HI) এবং Excess Lifetime Cancer Risk (ELCR) পদ্ধতি ব্যবহার করা হয়।
গবেষণার ফলাফলে শিশুদের ক্ষেত্রে Hazard Index-এর মান ৩.৫৩ থেকে ২৩.৭৫ এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৬.০৩ থেকে ৭.৭৩ পাওয়া গেছে, যা গবেষণায় ব্যবহৃত নিরাপদ সীমা ১-এর চেয়ে বেশি। এ ছাড়া শিল্পাঞ্চলগুলোতে কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি এবং খুলনা অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণের বিষয়টিও গবেষণায় উঠে এসেছে।
গবেষণায় শিল্পাঞ্চলে বর্জ্য নিঃসরণ নিয়ন্ত্রণে কঠোর বিধিমালা বাস্তবায়ন এবং দূষণপ্রবণ অঞ্চলে ভূগর্ভস্থ পানির পরিশোধনব্যবস্থা উন্নত করার সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘Chemistry Innovations for Future Challenges’।
স্নাতক পর্যায়ের একজন শিক্ষার্থী হিসেবে একক উদ্যোগে গবেষণা পরিচালনা এবং জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পাওয়া আফিফা বুশরার জন্য একটি উল্লেখযোগ্য একাডেমিক অর্জন। তার এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট সমস্যা নিয়ে গবেষণায় নতুনদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
আরটিভি/এমএম



