
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক দক্ষতা যাচাই পরীক্ষা এইচএসকে কেন্দ্র। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এ পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে চীনে উচ্চশিক্ষা ও সরকারি বৃত্তিপ্রত্যাশী শিক্ষার্থীদের চীনা ভাষার দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েই।
গত ১৩-১৫ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এইচএসকে (হানইউ শুইপিং কাওশি) পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা আয়োজন করা হবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ঝাং শি।
চীনের বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নেন। এতে বিভিন্ন দেশের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং চীনা ভাষা শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সম্মেলনে দেড় হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব ছিল।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘চাইনিজ: মোর দ্যান আ ল্যাঙ্গুয়েজ’। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বক্তব্য দেন। সম্মেলনে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষা, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও আলোচনায় অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। সেখানে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা, এইচএসকে পরীক্ষা কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, এইচএসকে চীনা ভাষায় দক্ষতা মূল্যায়নের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ, চীনা সরকারি বৃত্তির জন্য আবেদন এবং চীনা ভাষার দক্ষতা প্রয়োজন এমন পেশাগত ক্ষেত্রে এ পরীক্ষার সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইচএসকে পরীক্ষা আয়োজনের সুযোগ সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের চীনা ভাষা শিক্ষার্থীরাও উপকৃত হবেন। বিশেষ করে চীনে উচ্চশিক্ষা ও বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতা অর্জন ও মূল্যায়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চীনের হংহে বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এ ইনস্টিটিউটের মাধ্যমে চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরটিভি/এমএম



