
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে রাবি সংস্কার আন্দোলনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রাকসু আদায়ের জন্য আমরা প্রথমে স্মারকলিপি দিয়েছি। ছাত্রশিবির তাদের জায়গা থেকে মানববন্ধন করেছে। এরপর আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছি। এখন আমরা অবস্থান কর্মসূচিতে যাব। পরবর্তীতে হার্ডলাইনে যাওয়া লাগলে সেটাও যাব। মঙ্গলবার থেকে প্রশাসন ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। পরবর্তী ধাপে যাওয়ার প্রয়োজন হলে সেটিও করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে মঞ্চ ২৪ একাত্মতা পোষণ করেছে। আমরা চাই, রাকসু চায় এমন প্রতিটি ক্রিয়াশীল সংগঠন আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করুক।’
আম্মার বলেন, ‘রাকসু নির্বাচন না হলে আমার লস নেই, আমার লাভ আছে। কারণ, যতদিন পর্যন্ত রাকসু নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমি বলতে পারব, রাকসুর সবশেষ সাধারণ সম্পাদক আমি ছিলাম। কিন্তু আমার নৈতিক দায়িত্ব থেকে আমি রাকসুর জন্য সংগ্রাম করে যাচ্ছি।’
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি ও আল্টিমেটাম দেয় রাবি সংস্কার আন্দোলন। তবে রাকসু আয়োজনে কোনো পদক্ষেপ দেখা যায়নি এখনও।
আরটিভি/এসএস


