
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে রাকসুর সাবেক আলোচিত ও সমালোচিত জিএস সালাহউদ্দিন আম্মার ও তার অনুসারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।
এ সময় আম্মার ও তার সহযোগীদের ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু, প্রশাসনের কালক্ষেপণ মানবে নারে শিক্ষাঙ্গণ, আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়, হারার ভয়ে খেলে না সেই কথা তো বলে না, ঘুম ভাঙো চোখ খোলো, রাকসু কবে সেটা বলো, রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সালাহউদ্দিন আম্মার বলেন, ক্যাম্পাসে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সব রাজনৈতিক দলের ভাইবোনেরাও রাকসু চায়। আমি বিশ্বাস করি সবাই রাকসু চাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যেই রাকসুর তফসিল দিতে হবে। আমাদের কর্মসূচি চলমান থাকবে।
এ সময় রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন আম্মার ও তার অনুসারীরা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন মঞ্চ-২৪ রাবি শাখা নামের আরেক প্লাটফর্মের নেতারা।
আরটিভি/এসএস


