
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে আটক পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে তাদের পুলিশের গাড়িতে তুলে দেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে পরে ক্যাম্পাস ত্যাগ করেন তারা।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে পাঁচ কর্মকর্তাকে আটক করে ছাত্রদল। এ সময় তাদের মারধর করে প্রক্টর অফিসে নেওয়া হয়।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা শেষে রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেয়। পাশাপাশি অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন।
তবে প্রশাসনের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে আটক কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তরের দাবিতে রাত দেড়টার দিকে মূল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাতভর অবস্থানের পর ভোর ৪টার দিকে তাদের পুলিশের কাছে তুলে দেন। এ সময় ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ও ‘ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম আরটিভিকে বলেন, রাতের দিকে তাদের থানায় আনা হয়েছে। এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের আটক পাঁচ কর্মকর্তারা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, সেকশন অফিসার নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
আরটিভি/জেএমএ


