
ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
এ লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর ‘নৈরাজ্যকে না’ স্লোগানে র্যালি, মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য এ কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি যেমনই হোক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, তা তিনি চান না। ৫ আগস্টের রাতেও ক্যাম্পাসে অবস্থান করে নিরাপত্তা রক্ষায় কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে দেখতে চান তিনি, যেখানে সব মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারবেন।
ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উদার ও সহনশীল পরিবেশকে কেউ কেউ দুর্বলতা হিসেবে দেখছে। এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। তবে ‘টিম জগন্নাথ’ চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ রেখে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে চান তাঁরা।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টিতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, অপরাধীর কোনো দল বা আদর্শ থাকতে পারে না। অপরাধী যে-ই হোক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে বিঘ্নের বিষয়টিও তুলে ধরেন উপাচার্য। কয়েকজন কর্মকর্তা যথাযথভাবে দায়িত্ব পালন না করায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে সচেতন করতে সাধারণ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
আগামী ২৩ নভেম্বর ‘নৈরাজ্যকে না’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালি, মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সম্মিলিত অবস্থান তুলে ধরা হবে বলে জানান উপাচার্য। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অংশ নিয়ে নিরাপদ ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আরটিভি/এসএস




