
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ কর্মস্থল ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রোববার (২২ নভেম্বর) জরুরি সেবা ছাড়া সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত সমিতির জরুরি সভায় নেওয়া সিদ্ধান্তের পর সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কতিপয় মহল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কর্মস্থলের পরিবেশ অনিরাপদ করে তোলা হচ্ছে এবং দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানো হচ্ছে। প্রশাসন ভবন-১-এর প্রবেশপথে বিশৃঙ্খলা সৃষ্টি, উচ্চ শব্দে মাইক বাজিয়ে দাপ্তরিক কাজে বাধা দেওয়া এবং ক্রিকেট খেলার নামে ভারী বল এলোপাতাড়ি ছুড়ে কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ করে তোলা হচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের কারণে একাডেমিক ও প্রশাসনিক কাজে আসা ব্যক্তিরা প্রশাসন ভবন-১-এ প্রবেশের ক্ষেত্রে বাধার মুখে পড়ছেন। এ ধরনের পরিস্থিতি সৃষ্টির ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে অফিসার সমিতি।
বিবৃতিতে ২০২৫ সালের ২ জানুয়ারির একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, ওই দিন কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা প্রশাসন ভবন-১-এ আটকে রাখা হয়েছিল। এ সময় পানীয় জল, খাবার ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অসুস্থ কর্মকর্তা-কর্মচারীদের ওষুধ সরবরাহ এবং কোলের শিশুকে দুধ পান করানোর ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়।
অফিসার সমিতির দাবি, বর্তমানে প্রশাসন ভবন-১-এর ফটকে অবস্থান নেওয়া ব্যক্তিদের মধ্যেই ওই ঘটনার সময় কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিবৃতির শেষাংশে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের জন্য নিরাপদ কর্মস্থল ও কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে ২২ নভেম্বর জরুরি সেবা ছাড়া সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি পালন করা হবে বলে জানায় সমিতি।
আরটিভি/টিআর




