ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের ভর্তি পরীক্ষা পেছালো, নতুন তারিখ ঘোষণা

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি : আরটিভি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। রুয়েট ক্যাম্পাস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)—এই দুই কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় রুয়েটের ১ হাজার ২০০-এর বেশি আসনের বিপরীতে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।

বুধবার (১৮ নভেম্বর) রুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এ সময় শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.০০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে।

এ ছাড়া প্রার্থীকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট ন্যূনতম জিপিএ ১৩.০০ থাকতে হবে। তবে এই তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ অর্জন করতে হবে।

অন্যদিকে, জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রেও নির্ধারিত যোগ্যতা রয়েছে। তাঁদের জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—প্রতিটি বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর অথবা এর পরে ‘এ’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।

ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তীব্র গ্যাসসংকটে বুটেক্সের আবাসিক হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
জ্বালানি ও গ্যাসসংকটের প্রভাব পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোর ক্যান্টিন ও ডাইনিংয়েও তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে লাকড়ি ও এলপিজি সিলিন্ডার। এতে খাবার প্রস্তুত ও পরিবেশনে বিলম্বের পাশাপাশি খাবারের মান নিয়েও ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। হলগুলোতে সরকারি গ্যাস সংযোগের একই লাইন থেকে ডাইনিং ও ক্যান্টিনে গ্যাস সরবরাহ করা হয়। তবে ডাইনিংয়ে রান্নার কাজ শেষ হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ক্যান্টিনে গ্যাস সরবরাহ করা হয় বলে অভিযোগ করেছেন শহীদ আজিজ হলের ক্যান্টিন পরিচালক। তিনি জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সকাল থেকে দুপুরের খাবার প্রস্তুত করতে সমস্যা হচ্ছে। এ কারণে বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার কিনে রান্না করতে হচ্ছে তাঁকে। এতে খাবারের পদের সংখ্যা কমানোর পাশাপাশি পরিবেশনেও ধীরগতি দেখা যাচ্ছে। এ বিষয়ে শহীদ আজিজ হলের বাবুর্চি মোহাম্মদ রোমান বলেন, ভোরবেলায় গ্যাসের চাপ খুব কম থাকায় রান্না করতে বেশি সময় লাগছে। এ ছাড়া খাবার ঠিকমতো সিদ্ধ না হওয়ায় মান বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে। একটি গ্যাস লাইন দিয়ে প্রায় দেড় শ শিক্ষার্থীর খাবার রান্না করার পর ডাইনিংয়ে গ্যাসের সংযোগ স্থানান্তর করা হয়। একই পরিস্থিতির মুখে পড়েছে জি. এম. এ. জি. ওসমানী হলের ডাইনিং ও ক্যান্টিন। হল কর্তৃপক্ষ জানায়, ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হলের গ্যাস সংযোগ একই লাইনে হওয়ায় ওসমানী হলে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। ফলে প্রায়ই রান্নার কাজে বিঘ্ন ঘটে। এ পরিস্থিতিতে গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ি ও এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। ওসমানী হলের ক্যান্টিন পরিচালক বলেন, দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় অতিরিক্ত সিলিন্ডার কিনতে হচ্ছে। পাশাপাশি ৬০০ টাকা মণ দরে লাকড়ি কিনে রান্না করতে হচ্ছে। এতে প্রতি মাসে কয়েক হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে। সময়মতো খাবার প্রস্তুত করতে না পারায় মাত্র পাঁচ দিনেই প্রায় আট হাজার টাকা লোকসান হয়েছে। দ্রুত গ্যাসসংকটের স্থায়ী সমাধান অথবা ক্যান্টিনের ভাড়া কমানোর বিষয়ে হল প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই। অন্যদিকে, সৈয়দ নজরুল ইসলাম হলে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হলটির ম্যানেজার মাহবুব মিয়া। তিনি বলেন, দীর্ঘ এক মাস ধরে হলে গ্যাসের সমস্যা ছিল। তবে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সংকটের সময় গ্যাসের সমস্যা মোকাবিলায় একটি মেশিন কেনা হয়েছিল। তবে গ্যাসসংকটের কারণে লোকসানের মুখে পড়েছেন এই হলের ক্যান্টিন পরিচালক জিকুরুল ইসলাম জিকু। তিনি বলেন, গত এক মাসে মোট পাঁচটি এবং চলতি মাসে আরও দুটি গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। এভাবে চলতে থাকলে ক্যান্টিন পরিচালনা করাই কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে হল ম্যানেজারের সঙ্গে কথা বলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাইনি। শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক মো. মোতাকাব্বির হাসান তমাল বলেন, ‘ক্যান্টিন পরিচালক গ্যাসসংকট ও লোকসানের বিষয়ে আমাকে সরাসরি কোনো অভিযোগ জানাননি। হলের গ্যাসসংকট নিরসন ও শিক্ষার্থীদের স্বার্থে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এ ক্ষেত্রে ডাইনিংয়ের সমস্যাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।’ শহীদ আজিজ হলের আবাসিক শিক্ষার্থী সুজয় রায় জানান, গ্যাসের তীব্র সংকটের কারণে খাবার রান্না ও পরিবেশনে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে। এতে খাবারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে আমাদের। ফলে ক্লাসসহ দৈনন্দিন অন্যান্য কাজেও ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে গ্যাসসংকটের কারণে আমাদের ভোগান্তি আগের চেয়ে অনেক বেড়েছে। শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, গ্যাসসংকট এখন নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। তবে ধীরে ধীরে গ্যাসের চাপ ও সরবরাহ বাড়লে আশা করি, খাবারের মানও উন্নত হবে। ক্যান্টিনে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে। গ্যাসসংকটের পাশাপাশি এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ক্যান্টিন পরিচালনার ব্যয়ও বেড়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনে খাবারের দাম অপরিবর্তিত রয়েছে। আরটিভি/টিআর
তীব্র গ্যাসসংকটে বুটেক্সের আবাসিক হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
ববিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাঁদের আটক করা হয়। আটকের পর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থদপ্তরের উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়। আটক কর্মকর্তারা জানান, আমাদের অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছে। এ সময় কয়েকজন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নেওয়ার সময় কারও চশমা ভেঙে ফেলা হয়, আবার কারও শার্ট ছিঁড়ে ফেলা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, এসব কর্মকর্তার সঙ্গে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁরা এখনো দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে পাঁয়তারা করে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাঁদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান আপনাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগ লুফে নেননি, বরং বেছে নিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না। তিনি আরও বলেন, সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, ‘আপনারা জানেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/টিআর
ববিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর
রোববার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা রাবির কর্মকর্তাদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ কর্মস্থল ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রোববার (২২ নভেম্বর) জরুরি সেবা ছাড়া সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত সমিতির জরুরি সভায় নেওয়া সিদ্ধান্তের পর সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কতিপয় মহল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কর্মস্থলের পরিবেশ অনিরাপদ করে তোলা হচ্ছে এবং দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানো হচ্ছে। প্রশাসন ভবন-১-এর প্রবেশপথে বিশৃঙ্খলা সৃষ্টি, উচ্চ শব্দে মাইক বাজিয়ে দাপ্তরিক কাজে বাধা দেওয়া এবং ক্রিকেট খেলার নামে ভারী বল এলোপাতাড়ি ছুড়ে কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ করে তোলা হচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের কারণে একাডেমিক ও প্রশাসনিক কাজে আসা ব্যক্তিরা প্রশাসন ভবন-১-এ প্রবেশের ক্ষেত্রে বাধার মুখে পড়ছেন। এ ধরনের পরিস্থিতি সৃষ্টির ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে অফিসার সমিতি। বিবৃতিতে ২০২৫ সালের ২ জানুয়ারির একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, ওই দিন কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা প্রশাসন ভবন-১-এ আটকে রাখা হয়েছিল। এ সময় পানীয় জল, খাবার ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অসুস্থ কর্মকর্তা-কর্মচারীদের ওষুধ সরবরাহ এবং কোলের শিশুকে দুধ পান করানোর ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। অফিসার সমিতির দাবি, বর্তমানে প্রশাসন ভবন-১-এর ফটকে অবস্থান নেওয়া ব্যক্তিদের মধ্যেই ওই ঘটনার সময় কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবৃতির শেষাংশে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের জন্য নিরাপদ কর্মস্থল ও কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে ২২ নভেম্বর জরুরি সেবা ছাড়া সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি পালন করা হবে বলে জানায় সমিতি। আরটিভি/টিআর
রোববার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা রাবির কর্মকর্তাদের
রাবিতে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না: রাবি ছাত্রদল সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেছেন, আমাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু ফ্যাসিস্ট শিক্ষক-কর্মকর্তা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে গ্রুপ খুলে নিষিদ্ধ ছাত্রলীগের মাধ্যমে ষড়যন্ত্র করছেন। নাশকতার ষড়যন্ত্রের ইঙ্গিত পেলে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের রাবিতে আর কোনো ক্লাস নিতে দেওয়া হবে না। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শাখা ছাত্রদল আয়োজিত ‘দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। সুলতান আহমদ রাহী বলেন, শেখ হাসিনা হাজার হাজার মায়ের বুক খালি করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। ভারতে বসে কীভাবে আবার দেশের টাকা লুটপাট করা যায়, সে জন্য ষড়যন্ত্র করছেন। শেখ মুজিব দেশের গরিব মানুষের প্রতি অবিচার ও বৈষম্য করেছিলেন। যখন দেশের মানুষ দুবেলা খেতে পারত না, তখন তাঁর পুত্রকে সোনার মুকুট পরিয়ে বিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, আজকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের টাকা লুটপাট করতে না পেরে ভাড়াটে লোকদের টাকা দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছেন। এই বোমার আওয়াজে দেশের মানুষ ভয় পায় না। দেশের মানুষ বাঁশের লাঠি তৈরি করে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে, এরশাদকে বিদায় করেছে এবং ২০২৪ সালে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেই বাংলাদেশের মানুষ এই সামান্য পটকা ও বোমার আওয়াজে ভয় পায় না। আওয়ামীপন্থী শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সন্ত্রাসী ও ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রনেতা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে ষড়যন্ত্র করছেন। সেই তথ্য আমাদের কাছে এসেছে। নাশকতার ইঙ্গিত পেলে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো ক্লাস নিতে দেওয়া হবে না। যেসব ফ্যাসিস্ট শিক্ষক অনলাইনের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগকে পড়াচ্ছেন, তাঁদের ওপর আমরা নজর রাখছি। দেশে যেকোনো ধরনের অরাজকতা হলে এর দায়ভার সংশ্লিষ্ট ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিতে হবে। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি মেহেদী হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা। আরটিভি/টিআর
রাবিতে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না: রাবি ছাত্রদল সভাপতি
হাবিপ্রবিতে খাদ্যপণ্য উৎপাদন নিয়ে ইনসেপশন কর্মশালা
ফল, সবজি ও দইভিত্তিক খাদ্যপণ্যের শিল্পপর্যায়ে উৎপাদন এবং এসব উপাদান ব্যবহার করে বাণিজ্যিক খাদ্যপণ্য তৈরির মাধ্যমে আয় বৃদ্ধি ও স্বাস্থ্যগত সুফল নিশ্চিত করার লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একটি ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন (এফপিপি) বিভাগের উদ্যোগে এবং উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর (HEAT) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান এবং অধ্যাপক ড. এম. বুরহান উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর। তিনি HEAT প্রকল্পে হাবিপ্রবির সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টি। তবে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কাঙ্ক্ষিত চর্চা সব সময় গড়ে ওঠে না। এ ধরনের প্রকল্প গবেষণাকে বাস্তবমুখী করে মানুষের কল্যাণে ব্যবহারের সুযোগ তৈরি করে। তিনি বলেন, প্রকল্পটির গুরুত্ব শুধু নতুন খাদ্যপণ্য উদ্ভাবনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিল্প খাতের সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখা সম্ভব। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা জরুরি। গবেষণার ফলাফল যখন শিল্পক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে এবং তা বাণিজ্যিক পণ্যে রূপ নেবে, তখনই শিক্ষা ও গবেষণার প্রকৃত সুফল সমাজে পৌঁছাবে। দেশের উন্নয়নে এ ধরনের উৎপাদনমুখী ও উদ্ভাবননির্ভর গবেষণা আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত পণ্যগুলো যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সেদিকেও গুরুত্ব দিতে হবে। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ফল, সবজি ও দইভিত্তিক পণ্যের শিল্পপর্যায়ে উৎপাদন এবং এসব উপাদান দিয়ে বাণিজ্যিক খাদ্যপণ্য তৈরি। এর মাধ্যমে নতুন খাদ্যপণ্য উদ্ভাবন, আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণ এবং মানুষের পুষ্টি ও স্বাস্থ্যগত সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। উল্লেখ্য, HEAT প্রকল্পের আওতায় পরিচালিত এ উপপ্রকল্পের নাম ‘Industrial Production of Fruits, Vegetables, and Yogurt-Based Products and their use in the Manufacturing of Commercial Food Items for Income Generation and Health Benefits’। প্রকল্পটির উপপ্রকল্প ব্যবস্থাপক (Sub-Project Manager) হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, এ প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত খাদ্যপণ্য বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাতকরণের নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিল্পায়ন এবং সমাজের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে উঠবে। আরটিভি/টিআর
হাবিপ্রবিতে খাদ্যপণ্য উৎপাদন নিয়ে ইনসেপশন কর্মশালা
আরও পড়ুন
প্রকৌশলীদের স্বার্থ রক্ষায় অঙ্গীকার আইইবি নির্বাচনে জয়ী রুয়েটের পাঁচ প্রতিনিধির
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট