
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হলগুলোতে স্থাপন করা হয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র। তবে এসব যন্ত্রের ব্যবহারবিধি সম্পর্কে অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর স্পষ্ট ধারণা নেই। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে যন্ত্রগুলো থাকলেও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মেঝেতে পরে গিয়ে আহত হয় এক নারী শিক্ষার্থী। তবে সে সময় উপস্থিত ব্যক্তিদের কেউই অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহারবিধি জানতেন না। ২৫-৩০ মিনিট আগুন জ্বলার পর একজন ম্যাকানিক এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শেষ পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের অগ্নিনিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে।
সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হল ঘুরে দেখা যায়, করিডোর ও সিঁড়ির পাশে কার্বন ডাই-অক্সাইড গ্যাস সিলিন্ডার স্থাপন করা হয়েছে। তবে এসব যন্ত্রের ব্যবহারবিধি সম্পর্কে অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীর স্পষ্ট ধারণা নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার কথা বলা হলেও এখন পর্যন্ত বড় কোনো ব্যবহারিক মহড়া বা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়নি। ফলে আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নিয়ন্ত্রণে আনার মতো প্রস্তুতি সাধারণ শিক্ষার্থীদের নেই।
ইতিহাস বিভাগে শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, দোলনচাঁপা হলের সার্বিক অব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। খাবার ও আবাসিক সুযোগ-সুবিধার সংকটের পাশাপাশি এবার সামনে এসেছে অগ্নিনিরাপত্তার ভয়াবহ ঘাটতি। হলে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকাংশ জানেন না সেটি কীভাবে ব্যবহার করতে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এ বিষয়ে শিক্ষার্থী কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো কার্যকর প্রশিক্ষণ বা সচেতনতামূলক কর্মসূচির ব্যবস্থাও নেই। কয়েকদিন দিন আগের অগ্নিকাণ্ডের ঘটনায় এই অপ্রস্তুত অবস্থা স্পষ্ট হয়েছে। প্রশ্ন হলো, একটি আবাসিক হলে অগ্নিনিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা কেন থাকবে না? দুর্ঘটনা বলে-কয়ে আসে না; তাই শুধু নিরাপত্তাসামগ্রী স্থাপন নয়, সেগুলোর ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, আমরা বেশ কিছুদিন আগে ফায়ার সার্ভিসের সহায়তায় একটি মহড়ার আয়োজন করেছিলাম। তবে বিশ্ববিদ্যালয়ে লোকবল বেশি হওয়ায় ওই মহড়ায় সবাইকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি দোলনচাঁপা হলে ঘটে যাওয়া ঘটনার পর হলটির প্রভোস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ পরিপ্রেক্ষিতে সব হলের প্রভোস্টদের সমন্বয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করার পরামর্শ দিয়েছি। পাশাপাশি আমাদের দপ্তরের পক্ষ থেকেও একটি প্রশিক্ষণের আয়োজনের চেষ্টা করবো।
আরটিভি/জেএমএ


