
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে পরিচালিত এক গবেষণায় প্রজাপতির বৈচিত্র্য টিকিয়ে রাখতে বন্য মধুবাহী উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে এসেছে। গবেষণায় ৬০ প্রজাতির প্রজাপতিকে মধু জোগানো ৫৪ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে।
গবেষণার ফলাফলে বাংলাদেশে প্রজাপতি সংরক্ষণের প্রচেষ্টায় বন্য মধুবাহী উদ্ভিদ ও তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
গবেষণাপত্রটির শিরোনাম ‘বাটারফ্লাই-ওয়াইল্ড নেকটার প্ল্যান্ট ইন্টারঅ্যাকশনস অ্যান্ড ডিএনএ বারকোডিং অব দিজ প্ল্যান্টস ইন বাংলাদেশ।’ এটি বায়োরিসার্চ কমিউনিকেশনস জার্নালের ২০২৬ সালের জুলাই সংখ্যায় প্রকাশিত হয়েছে।
জাবির প্রাণিবিদ্যা বিভাগের মুনতাহেনা রুহি, শ্রাবণী দাস, নূর এ আফসারী এবং অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন যৌথভাবে গবেষণাটি করেছেন।
গবেষকরা ৩০টি পরিবারের অন্তর্ভুক্ত ৫৪ প্রজাতির বন্য মধুবাহী উদ্ভিদ শনাক্ত করেছেন। এর মধ্যে অ্যাস্টারেসি পরিবারের প্রজাতি সবচেয়ে বেশি, ১১টি। অ্যাকানথেসি ও ভার্বেনেসি পরিবারের প্রজাতি চারটি করে।
শনাক্ত উদ্ভিদের মধ্যে ১৬ প্রজাতি সারা বছর পাওয়া গেছে এবং এগুলো গবেষণায় নথিভুক্ত ৬০ প্রজাতির সব প্রজাপতিকে মধু জুগিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ল্যানটানা ক্যামারা, মিমোসা পুডিকা, এজেরাটাম কনিজয়ডিস, ওয়েডেলিয়া ট্রাইলোবাটা ও রিচার্ডিয়া স্ক্যাব্রা।
উদ্ভিদের বিস্তার জানতে গবেষকরা ক্যাম্পাসকে ১০টি এলাকায় ভাগ করেন। সুইমিংপুল-সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ৪৯ প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে। সবচেয়ে কম (২৮ প্রজাতি) পাওয়া গেছে পরিসংখ্যান বিভাগ-সংলগ্ন এলাকায়।
গবেষকদের একজন অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, গবেষণাটি প্রাথমিকভাবে জাবিতে পরীক্ষামূলক গবেষণা হিসেবে হলেও এর ফলাফল সারাদেশে প্রজাপতি সংরক্ষণের ক্ষেত্রে বৃহত্তর তাৎপর্য বহন করতে পারে।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশগত অবস্থা ও অন্যান্য বিষয় অনেকটাই একই রকম। বাংলাদেশের সর্বত্র প্রজাপতি টিকে থাকার জন্য মধুবাহী উদ্ভিদের ওপর নির্ভরশীল। তাই এসব উদ্ভিদ রক্ষা করা দেশজুড়ে প্রজাপতির জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।

অধ্যাপক মনোয়ার বলেন, ৫৪ প্রজাতির মধ্যে ১৬টি সারা বছর পাওয়া গেছে এবং এগুলো সম্মিলিতভাবে ক্যাম্পাসে নথিভুক্ত ৬০ প্রজাতির সব প্রজাপতিকে খাদ্য যোগানে সহায়তা করেছে, যা প্রজাপতি ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক বোঝার গুরুত্ব তুলে ধরে।
তিনি আরও বলেন, গবেষণার ফলাফলে প্রজাপতির সংখ্যা টিকিয়ে রাখা ও জীববৈচিত্র্য বজায় রাখতে বন্য মধুবাহী উদ্ভিদের উল্লেখযোগ্য অবদান স্পষ্ট হয়েছে।
অধ্যাপক মনোয়ার আরও বলেন, প্রজাপতি সংরক্ষণে উৎসাহ দিতে জাবিতে বার্ষিক প্রজাপতি মেলাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম করে আসছে। এ ধরনের উদ্যোগ মধুবাহী উদ্ভিদ ও তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষার গুরুত্ব নিয়ে জনসচেতনতা বাড়াতে সহায়ক হবে।
গবেষকরা নির্বাচিত উদ্ভিদের পরিচয় নিশ্চিত করতে ম্যাটকে জিন ব্যবহার করে ডিএনএ বারকোডিংও করেছেন। ছয় প্রজাতির ক্ষেত্রে কাজ শেষ হয়েছে, বাকি ৪৮ প্রজাতি পরবর্তী ধাপে বিশ্লেষণ করা হবে।
অধ্যাপক মনোয়ার বলেন, ডিএনএ বারকোডিং প্রজাতির সঠিক পরিচয় নিশ্চিত করতে এবং বাংলাদেশে জীববৈচিত্র্য মূল্যায়ন ও সংরক্ষণ উদ্যোগ জোরদার করতে সহায়ক হবে।
গবেষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশে ৪২১ প্রজাতির প্রজাপতি নথিভুক্ত আছে। এর মধ্যে ১১০ প্রজাতি আগে জাবি ক্যাম্পাসে পাওয়া গিয়েছিল, কিন্তু এ সংখ্যা এখন ৭২-এ নেমেছে, যা প্রজাপতির আবাসস্থলের অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
গবেষণায় বলা হয়েছে, মধুবাহী উদ্ভিদ শনাক্ত করা ও এদের বিস্তার বোঝা কার্যকর আবাসস্থল ব্যবস্থাপনা ও সংরক্ষণ কৌশল প্রণয়নে সহায়ক হতে পারে।
গবেষণায় প্রাকৃতিক উদ্ভিদ রক্ষার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে, আবাসস্থলের ক্ষতি ও বন্য উদ্ভিদ হারিয়ে গেলে প্রজাপতি ও অন্যান্য পরাগায়নকারীর খাদ্যের উৎস কমে যেতে পারে। সূত্র: বাসস
আরটিভি/আইএম


