
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্থিতিশীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তি যেই হোক না কেন, সিন্ডিকেট ডেকে তার চাকরি শেষ করে ফেলব। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অরাজকতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না।
ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে আমি এক সেকেন্ডও দেরি করব না। কোনো অপশক্তিকে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার সুযোগ দেওয়া হবে না।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/জেএমএ


