
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে শাবিপ্রবির পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সবাই এখানে আছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না।
তিনি আরও বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী বারবার প্রমাণ করছে তারা এদেশের মানুষের শত্রু, এরা বাংলাদেশপন্থী নয়। যারা দেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/জেএমএ


