এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী হয়তো ফল পাননি। তারা চাইলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন।
এর আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়মও জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা রোববার (১ নভেম্বর ২০২৬) থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে। এরপর বোর্ডের ড্রপডাউন তালিকা থেকে বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
এরপর শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী ধাপে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, ডিবিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ সংশ্লিষ্ট পোর্টালের ‘পে’ বাটনে ক্লিক করে দেখা যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি প্রদান করে আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে। নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
আরটিভি/এসএস
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News ফিডটি অনুসরণ করুন
১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস করিয়ে দেন ৩ কর্মচারী!
চট্টগ্রামে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগে বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা সিরিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মচারী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)।
গ্রেপ্তারের পর আসামিদের সাময়িকভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) পাঁচলাইশ থানা হেফাজতে রাখা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ঢাকার সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল বলেন, ফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
এ ছাড়াও সিআইডি সূত্রে জানা গেছে, মামলাটি সিআইডিতে স্থানান্তরের পর শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলে গিয়ে দুই দিন ধরে তদন্ত চালানো হয়। এ সময় চারটি কম্পিউটারে ফল জালিয়াতির সংশ্লিষ্টতা পাওয়া যায়। পাশাপাশি জালিয়াতিতে কম্পিউটার প্রোগ্রামার মো. আবদুল মালেকেরও প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া যায়।
মামলার এজহারভুক্ত আসামি স্ক্যানিং অপারেটর মো. রাশেদুল ইসলাম (৩০) আগেই আদালত থেকে জামিন নিয়েছেন। মামলার অন্য তিনজন এজহারভুক্ত আসামি স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী (২৮), কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান (৩২) এবং অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুল আলী শোভন (১৭)কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে তাকে পাস করানো হয়। বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩ এবং দ্বিতীয় পত্রে ২৪-কে ৬২ করা হয়। ইংরেজির প্রথম পত্রে ৩৩-এর পরিবর্তে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-এর পরিবর্তে ৮২ নম্বর বসানো হয়।
এ ছাড়া গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর দেওয়া হয়।
আরটিভি/এসআর
হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা
বাসে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখেছেন কলেজটির শিক্ষার্থীরা।
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ‘বড় সুখবর’
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এনটিআরসিএতে নতুন ডিডি, এনসিটিবিতে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলের হাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
‘ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে’