ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
প্রতীকী ছবি

দেশে মসলাজাতীয় ফসলের উন্নত ও উচ্চফলনশীল জাত উদ্ভাবনে কাজ করছে বগুড়া মসলা গবেষণা কেন্দ্র (এসআরসি)। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা এ পর্যন্ত ২৭টি মসলার প্রায় ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন। একইসঙ্গে তারা মসলা উৎপাদনের ১৫০টি প্রযুক্তিও উদ্ভাবন করেছেন। এর ফলে দেশে মসলার উৎপাদন দিন দিন বাড়ছে এবং আমদানি নির্ভরতা কমছে।

এসআরসির বিজ্ঞানীরা বলছেন, পেঁয়াজ, রসুন, হলুদ ও আদার মতো নিত্যপ্রয়োজনীয় মসলা উৎপাদনে দেশ এগিয়েছে। তবে দেশীয় উদ্ভাবিত জাত ও প্রযুক্তি পর্যাপ্ত মাত্রায় ব্যবহার করলে মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাই সরকার নতুন নতুন জাত উদ্ভাবনে গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে এ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা গেলে প্রয়োজনীয় চাহিদা মেটানো সম্ভব হবে।

বিজ্ঞানীরা বলছেন, মসলা কৃষিপণ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধান শস্যগুলোর পাশাপাশি মসলার চাষ কৃষকের আয় বৃদ্ধিতে যেমন সহায়ক, তেমনই মোট কৃষি অর্থনীতিকেও এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এর বড় ভূমিকা রয়েছে।

জনসংখ্যা বৃদ্ধির কারণে চাহিদা বেড়ে যাওয়ায় মসলার জমি খাদ্যশস্য চাষের আওতায় চলে এসেছে। এ কারণে মসলার উৎপাদন হ্রাস পেয়েছে। আর চাহিদা বৃদ্ধির কারণে বিদেশ থেকে মসলা আমদানি করে এই ঘাটতি পূরণ করতে হয়।

এসআরসি’র কর্মকর্তারা জানান, দেশে বর্তমানে ৪ লাখ ৪৮ হাজার হেক্টর জমিতে প্রায় ৪৮ লাখ ৭৮ হাজার মেট্রিক টন মসলা উৎপাদন হচ্ছে। প্রকৃত উৎপাদন থেকে ২৫ থেকে ৩০ শতাংশ সংরক্ষণজনিত ক্ষতির পর প্রকৃত উৎপাদন দাঁড়ায় প্রায় ৩৪ লাখ মেট্রিক টন। আর বাংলাদেশে মসলা ফসলের চাহিদা ৪৭ লাখ ৮৮ হাজার মেট্রিক টন এবং ঘাটতি প্রায় ১৩ লাখ মেট্রিক টন ।

বগুড়ার শিবগঞ্জে অবস্থিত মসলা গবেষণা কেন্দ্রের (এসআরসি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম জানান, এ গবেষণা কেন্দ্রটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর অধীনে পরিচালিত দেশের একমাত্র বিশেষায়িত মসলা গবেষণা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের মসলা গবেষণার সূতিকাগার। এখান থেকে উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, এসআরসি উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল জাত ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষকেরা আধুনিক মসলা চাষে অগ্রণী ভূমিকা পালন করছেন। বস্তায় আদা চাষ, উন্নত জাতের হলুদ ও পেঁয়াজ চাষে কৃষকদের বড় সাফল্য অর্জিত হয়েছে।

ড. মাসুদ আলম বলেন, বিএআরআইয়ের মাধ্যমে বগুড়ার মসলা গবেষণা কেন্দ্র এবং এর অধীন আঞ্চলিক কেন্দ্র ও উপকেন্দ্রগুলোর কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃষকদের মধ্যে মানসম্মত উচ্চফলনশীল বীজ সরবরাহ, প্রশিক্ষণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি (যেমন- বস্তায় আদা চাষ, সেচ, সার, রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা) পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশে এলাচ, দারুচিনি, তেজপাতা, রাঁধুনি ও জিরার মতো আমদানিনির্ভর মসলা চাষে উদ্বুদ্ধ করতে নানা ধরনের প্রণোদনা প্রদান ও গবেষণা চলছে।

মসলাজাতীয় বিভিন্ন ফসলের সংরক্ষণ পদ্ধতি (পেঁয়াজ ও রসুনের পাউডার, পেয়াজের পেস্ট, আদার পেস্ট ও পাউডার, রসুনের পেস্ট, কাঁচা মরিচের পেস্ট ও পাউডার) ও প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে।

এ ছাড়া আলুবোখারার বিভিন্ন প্রসেস প্রোডাক্ট (আচার, জ্যাম, চাটনি, বার, মোরব্বা ইত্যাদি) তৈরি করা হয়েছে। যার মাধ্যমে বিভিন্ন মসলা ফসলের সংগ্রহের পর ও সংরক্ষণ ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আরও বলেন, বিএআরআইয়ের অধীনে পরিচালিত মসলা গবেষণা কেন্দ্রে (এসআরসি) আরও আধুনিক ল্যাবরেটরি ও পর্যাপ্ত বাজেট দিয়ে শক্তিশালী করা প্রয়োজন। পেঁয়াজ ও রসুন পচনশীল হওয়ায় উপযুক্ত কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগার তৈরি করা জরুরি, যাতে উৎপাদিত মসলা পচে নষ্ট না হয় এবং সারাবছর ন্যায্যমূল্য নিশ্চিত হয়। এ ছাড়া মসলা চাষিদের জন্য সহজ শর্তে কৃষিঋণ এবং নিয়মিত মাঠপর্যায়ের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।

আমদানি বিকল্পের ওপর জোর দিয়ে তিনি বলেন, জিরা, এলাচ ও দারুচিনির মতো মসলাগুলো দেশেই বাণিজ্যিক ভিত্তিতে চাষের উপযোগী জোন তৈরি করে বেসরকারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া উচিত। লবঙ্গ, এলাচ, জিরা, দারুচিনি, জয়ফল, জয়ত্রি, ভ্যানিলা, জাফরানসহ মূল্যবান মসলার জার্মপ্লাজম সরবরাহ নিশ্চিত করতে সরকারি উদ্যোগ গ্রহণ করা খুব জরুরি।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মো. মাসুদুর রহমান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ৬৩ হাজার মেট্রিক টন মরিচ আমদানি করতে হয়েছে। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হওয়ার স্বত্বেও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় আমদানি করতে হয়।

তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে চিলি ড্রায়ার মেশিন দেওয়া হচ্ছে। এই মেশিনের মাধ্যমে কাঁচা মরিচ শুকিয়ে গুড়া করা হচ্ছে। কাঁচা মরিচ সংরক্ষণ করা না গেলে আমদানি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

মাসুদুর রহমান বলেন, বর্ষা মৌসুমে কাঁচা মরিচের ঘাটতি পূরণের জন্য চৈত্র-বৈশাখ মাসে মরিচ চাষের জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, দারুচিনি, গুল মরিচ, তেজপাতার মাতৃবাগান তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে কৃষকরা হর্টিকালচার সেন্টারের থেকে এ মসলাগুলোর চারা সংগ্রহ করতে পারে।

তিনি জানান, আদার ঘাটতি পূরণের জন্য প্রকল্প থেকে পাহাড়ি জমিতে আদা চাষ এবং সমতলে বস্তায় আদা চাষের প্রযুক্তির বিস্তার ঘটানো হচ্ছে। দেশের পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সবচেয়ে বেশি আদা উৎপাদিত হয়। মোট চাহিদার প্রায় ৪০ ভাগ এই তিন জেলায় উৎপন্ন হয়। এছাড়াও রংপুর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ জেলাতেও প্রচুর পরিমাণে আদা উৎপাদিত হয়।

জিরা চাষের বিষয়ে মাসুদুর রহমান বলেন, ২০২৫ সালে আমরা ৫০ বিঘা জমিতে জিরা চাষের উদ্যোগ গ্রহণ করি। কৃষকরা সফলভাবে জিরা চাষ করায় চলতি বছর ১৩০ বিঘা জমিতে এই মসলা চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি সফল হলে আগামীতে জিরা চাষ ব্যাপকভাবে বেড়ে যাবে। প্রতিবছর জিরা আমদানিতে প্রায় ৯শ’ থেকে ১ হাজার কোটি টাকা ব্যয় করা হয়।

মাসুদুর রহমান বলেন, জিরা চাষের জন্য মূলত পদ্মার অববাহিকা অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। কুষ্টিয়া সদর, রাজশাহীর গোদাগাড়ী, ফরিদপুর, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহ সদর, পাবনার ইশ্বরদী, চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদায় জিরা চাষ করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, দেশে পেঁয়াজ সংরক্ষণ বাড়ানোর জন্য কৃষকদের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে। চলতি বছর কৃষকদের মধ্যে ১৫ হাজার মেশিন বিতরণ করা হয়েছে। এর আগে আরও ১১ হাজার ৭শ’ মেশিন বিতরণ করা হয়েছে। এতে এ বছর আর পেঁয়াজ আমদানি করতে হয়নি এবং আমদানি করতে হবেও না।

তিনি বলেন, আদা, গ্রীষ্মকালীন টমেটো ও বর্ষাকালীন মরিচ উৎপাদনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষাকালে মরিচ আমদানি বন্ধে বর্ষা সহনশীল জাতের মরিচ উৎপাদনের জন্য কাজ করা হচ্ছে। আমদানি কমাতে বস্তায় আদা চাষের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এতে সামনের দিনগুলোতে আদা আমদানি কমে যাবে। আর গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন বাড়াতে দেশের বিভিন্ন জেলার মাটির গুণাগুণ পরীক্ষা করে তালিকা তৈরি করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, গরম মসলা হিসেবে আমরা যে মসলাগুলো বিদেশ থেকে আমদানি করে থাকি, সে মসলাগুলো উৎপাদনের জন্য আমাদের দেশের মাটি ও আবহাওয়া তেমন উপযোগী নয়। তারপরও আমরা স্বল্প পরিসরে জিরা চাষ শুরু করেছি। কিন্তু এলাচ, দারুচিনি উৎপাদনে আরও গবেষণা প্রয়োজন। তবে মসলা আমদানি কমাতে নতুন নতুন প্রযুক্তি, উন্নত জাত উদ্ভাবনে আমরা কাজ করে যাচ্ছি। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এ গণির মৃত্যুবার্ষিকী আজ
সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর এ গনির ৬৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি একজন কিংবদন্তি জননেতা ছিলেন যার কীর্তি এখনও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এ গণির মৃত্যুবার্ষিকী আজ
রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্রমন্ত্রী 
বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে এবং দীর্ঘদিন ধরে এই বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্রমন্ত্রী 
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অসাধারণ সাফল্য
সোনালি ধানের দিন শেষ, কৃষককে বাঁচিয়ে দিতে পারে কালো ধান
কৃষিতে উচ্চফলনশীল জাত উদ্ভাবনে ‘বিনা’র বিপ্লব
নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি