
অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘মেকআপ’ বাধার মুখে পড়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
চলচ্চিত্রটির বিরুদ্ধে অভিযোগ, এতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষদের খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। তাই এটি নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন জানান, তিনি এখনও নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাননি। তবে এমন সিদ্ধান্তের কথা শুনেছেন।
সংবাদ মাধ্যমকে খোরশেদ আলম খসরু বলেন, ‘মেকআপ’ একেবারে আমাদের ইন্ডাস্ট্রির বিরুদ্ধের একটি চলচ্চিত্র। এতে চলচ্চিত্র মানুষদের খুব খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। যা কখনও কাম্য নয় এবং প্রদর্শনের অনুপযুক্ত। তাই সেন্সর বোর্ডের সর্বসম্মতিক্রমে ‘মেকআপ’ নিষিদ্ধ করা হয়েছে। এখন পরিচালক চাইলে আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন।
চলচ্চিত্র অঙ্গনের গল্প নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান, তারিক আনাম খান ও নিপা আহমেদ রিয়েলি। এটি প্রযোজনা করেছে সেলেব্রিটি প্রোডাকশন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে আরটিভি নিউজকে অনন্য মামুন বলেন, আমি ঢাকার বাইরে আছি। তবে শুনেছি এমন একটা সিদ্ধান্ত হয়েছে। যদি সত্যিই সেটা হয় তাহলে আমার সঙ্গে অন্যায় হবে। আমি একটা সাধারণ মেয়ের নায়িকা হয়ে ওঠার আগের ও পরের ঘটনা দেখিয়েছি। কাউকে ছোট করার ইচ্ছে নিয়ে ছবি করিনি।
তবে চলচ্চিত্রটি নিষিদ্ধ হওয়ার সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার সংশ্লিষ্ট অনেকেই এটি প্রত্যাহার করার কথা বলেছেন।
জিএম/পি




