
কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার সোনাপাহাড় এলাকায় একটি মাইক্রোবাস ও লরির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তরুণ গায়িকা বিউটি খান। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এ দুর্ঘটনায় দুজন যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। আজ শনিবার (১৩ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কণ্ঠশিল্পী বিউটির অবস্থা আশঙ্কাজনক।

আজ সকালে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি হায়েস মাইক্রোবাসের সঙ্গে লরির সংঘর্ষ হয়। হায়েস গাড়িটি ওভারটেক করতে গিয়ে এই সংঘর্ষ হয় বলে জানা যায়। এতে গুরুতর আহত অবস্থায় হানিফ (৪২) নামে একজনকে হাসপাতালে আনার পর ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আর ঘটনাস্থলে পার্থ নামে একজন মারা গেছেন।
দুর্ঘটনার আগে ভোররাত ৪টা ৩ মিনিটে বিউটি খান তার ফেসবুক ওয়ালে দুটি ছবি পোস্ট করেন। একটিতে তিনি একা, অন্যটিতে তিনিসহ ছয়জন। সবাই সংগীত ভুবনের বাসিন্দা। ছবি দুটি দিয়ে বিউটি লেখেন, ‘কক্সবাজারের পথে’। কিন্তু বিউটিদের কক্সবাজার যাওয়া হলো না।
এদিকে এই ঘটনায় আহত লুৎফর ও বিউটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুৎফরকে ২৬ নং অর্থোপেডিক্স সার্জারি ওয়ার্ডে এবং বিউটিকে ২০নং আই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এনএস/পি




