
কলম্বিয়ার আন্তর্জাতিক তারকা শাকিরা। বার্সেলোনার একটি পার্কে নিজের সন্তানকে নিয়ে ঘোরার সময় বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন তিনি।
শাকিরা জানান, পার্কে ঘোরার সময় আচমকাই হামলে পড়ে দুটো শূকর। এরপর তার ব্যাগ ছিনিয়ে নেয়। যেটাতে মোবাইল ফোন ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিল।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে শাকিরা বলেন, ‘ওরা আমার সব ধ্বংস করে দিলো!’
ঘটনার সময় এই গায়িকার সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে মিলান। স্টোরির একটি অংশে তিনি ছেলের উদ্দেশ্যে বলেন, ‘মিলান, সত্যিটা বলো, কীভাবে তোমার মা এই বন্য শূকরের মোকাবিলা করেছে।’
স্পেনে গত কয়েক বছর ধরে বন্য শূকরের হামলার ঘটনা প্রায় নিয়মিত ঘটছে। ২০১৬ সালেই এ বিষয়ে স্প্যানিশ পুলিশ প্রায় ১২’শ অভিযোগ পেয়েছে। শহুরে এলাকায় বন্য প্রাণীর বিচরণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে চলতি মাসের প্রথম দিন (১ সেপ্টেম্বর) খবর চাউর হয়, জেল হতে পারে শাকিরার। তার বিরুদ্ধে ১৭ মিলিয়ন ডলার কর ফাঁকির মামলা হয়েছে। ফলে স্পেনে বিচারের মুখোমুখি হতে পারেন এই গায়িকা।
সিএনএনের বরাতে বলা হয়েছে, আদালতের কাছে শাকিরার বিরুদ্ধে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে। বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, ওই তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি স্পেনে থেকেছেন। আর তাই দেশকে কর দিতে তিনি অঙ্গীকারবদ্ধ।
এদিকে এই গায়িকার প্রতিনিধিদল যুক্তি দিয়েছে, শাকিরার মূল বাড়ি ছিল বাহামাতে। কিন্তু স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বার্সেলোনাতেও তার একটা বাড়ি আছে। সেখানে বার্সেলোনা ফুটবল দলের ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে থাকেন তিনি। তাদের দুই সন্তানও আছে।
স্পেনের কর আইনে বলা আছে- স্পেনে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি স্পেনকে কর দিতে বাধ্য। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শাকিরাকে জরিমানা করা হতে পারে। এমনকি তাকে জেলেও যেতে হতে পারে।
প্রসঙ্গত, পপ গানেই বিশ্বব্যাপী জনপ্রিয় শাকিরা। এর বাইরে তিনি রক ও ল্যাটিন গানেও পরিচিত। তাকে বলা হয়ে থাকে ‘কুইন অব ল্যাটিন মিউজিক’। ফিফা ওয়ার্ল্ডকাপের অন্যতম কালজয়ী থিম সিং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বকে মাত করেছেন এই গায়িকা।
সূত্র: বিবিসি
এনএস




