
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ার বদৌলতে রানাঘাটের স্টেশন থেকে বলিউডে পৌঁছে গিয়েছিলেন রানু মণ্ডল। ভাগ্যের নির্মম পরিহাসে আবারও সেই স্টেশনেই ফিরতে হয়েছে তাকে। কাটাচ্ছেন মানবেতর জীবন। তার জীবনলীলাকে সিনেমার পর্দায় তুলে ধরবেন পশ্চিমবঙ্গের নির্মাতা ঋষিকেশ মণ্ডল। এতে রানুর ভূমিকায় অভিনয় করছেন ‘সেক্রেড গেমস’ সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে।
বায়োপিকে পারফেক্ট রানু মণ্ডল হয়ে উঠতে রানাঘাটে গিয়েছিলেন এই অভিনেত্রী। রানুর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন ঈশিকা। একসঙ্গে ছবিও তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তিনি। রানু মণ্ডলের সঙ্গে দেখা করে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
ঈশিকা দে বলেন, ‘এই মুহূর্তে রানুদির সঙ্গে গান গাইছি। দারুণ অভিজ্ঞতা। খুব এনজয় করছি আমরা। অনেক কিছু জানতেও পারছি তার সম্পর্কে। ছবিতে অভিনয়ের ক্ষেত্রে এই সাক্ষাৎ খুবই প্রয়োজন ছিল।’
এই সিনেমার পুরো টিম বাংলার হলেও এটি মূলত হিন্দি সিনেমা। কলকাতা, রানাঘাট, মুম্বাই মিলিয়ে শুটিং হবে। রানু মণ্ডলের ইয়াং বয়স, স্ট্রাগল, কেমন ছিলেন, কোথা থেকে কোথা এলেন, কেন ভিক্ষা করতে হলো এসব উঠে আসবে সিনেমায়। রানুর ভূমিকায় অভিনয় করার জন্য ইতোমধ্যেই নিজের ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন ঈশিকা।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রানু মণ্ডলকে দিয়ে গান করান বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া। তার ‘হ্যাপি অ্যান্ড হির’ সিনেমায় ‘তেরি মেরি কাহানি’ শীর্ষক একটি গানে কণ্ঠ দেন রানু। এরপরই রানু চলে আসেন আলোচনার কেন্দ্রে। কিন্তু সেটা ধরে রাখতে পারেননি তিনি। ভক্তদের সঙ্গে বাজে আচরণ করে জড়িয়ে পড়েন বিতর্কে। এরপর নীরবেই হারিয়ে যান গান-সিনেমার জগত থেকে। এখন আবার সেই রানাঘাটেই কাটে রানু মণ্ডলের দিন।
এনএস/টিআই




