
নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। শিল্পী সমিতির সহসভাপতির দায়িত্ব পালনের পর বর্তমানে ফিল্ম ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। তার মতে বাংলাদেশের চলচ্চিত্রে বেশ কয়েকজন ‘কাউয়া’ আছে, যাদের কারণে ভালো সিনেমা নির্মাণ বাধাগ্রস্ত।
বুধবার (১০ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় সরব এই অভিনেতা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্রে বেশ কিছু ময়না পাখি আছে, টিয়া পাখি আছে, সুন্দর অনেক পাখি, তার মধ্যে কয়েকজন কাউয়াও আছে। শুধু কা কা করে, এরা ভালো চলচ্চিত্রে বাধা দেয়। সংগঠনে বাধা দেয়।’
তিনি আরও লিখেছেন, ‘এদের স্বার্থে অন্যকে ব্যবহার করে, যদি চলচ্চিত্রকে ভালোবেসে থাকেন, তাহলে এদেরকে বিতাড়িত করার প্রতিজ্ঞা করুন। আমি করেছি আপনি করেছেন তো!’
প্রসঙ্গত, বর্তমানে ‘সোনার চর’ সিনেমায় অভিনয় করছেন ওমর সানি। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।
এনএস/টিআই




