
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি বিভিন্ন সময় সামাজিক কাজও করেন। এমনকি তার ভক্তরা তাকে দেখে উৎসাহিত হয়ে নানা ধরনের সামাজিক কাজে অংশ নেন। তারই ধারাবাহিকতায় এবার তারা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন।
গতকাল (১৯ ডিসেম্বর) সিরাজগঞ্জে অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘ওমর সানী ফ্যান ক্লাব’। এ সময় ওমর সানীসহ ক্লাবের সভাপতি মনজুর রহমান এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস এবং ক্লাবের ক্যাবিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ওমর সানী গণমাধ্যমে বলেন, ‘অস্বচ্ছল এবং শীতে কাতর মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে আমরা শীতবস্ত্র বিতারণ করবো। প্রতিবছর ক্লাব থেকে আমরা অসচ্ছল মানুষের পাশে দাঁড়াই। এ সময় আমাদের সঙ্গে যারা থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ।’

ওমর সানী বর্তমানে ‘সোনার চর’ সিনেমায় অভিনয় করছেন। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, পাপিয়া মাহিসহ অনেকে। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেন জাহাঙ্গীর সিকদার।
কেইউ/এসকে




