
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক অনুপম রায়। টুইট করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। অনুপমের এটি দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এখন থেকে স্ত্রী পিয়া চ্যাটার্জির সঙ্গে বন্ধু হিসেবেই থাকবেন এই গায়ক।
অনুপম রায় জানান, পিয়ার সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক মনে রাখার মতোই ছিল। কিন্তু ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের জন্য স্বামী-স্ত্রী হিসাবে তারা আর থাকতে পারছেন না।
তাদের প্রত্যেকটি পদক্ষেপকে সমর্থন জানানোর জন্য বন্ধু, পরিবার এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনুপম। সেই সমানুভূতি এবং সমর্থন যাতে ভবিষ্যতেও থাকে, তার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এই বিবাহবিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখার কথা বলেছেন।
তবে পিয়ার তরফ থেকে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি। নেটমাধ্যমে ১৪ অক্টোবর ‘প্রিয়’ লিখে অনুপমকে নিয়ে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছবি দিয়েছিলেন পিয়া। সেখানে পুজোর মেজাজেই তাদের দু’জনকে দেখা গিয়েছিল।
এনএস/এসকে




