
বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর। ২০১২ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। ৯ বছরের দাম্পত্যে তাদের সংসারে রয়েছে দুই সন্তান। চলতি বছরই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কারিনা। আপাতত মোটেই বাড়িতে থাকতে চাইছেন না সাইফ। টানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। ছোট নবাব মনে করছেন, বাড়িতে থাকলে তিনি ফের বাবা হতে পারেন!
সম্প্রতি ‘বান্টি অওর বাবলি টু’ সিনেমার প্রচারণায় ভারতের জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়েছিলেন সাইফ। সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী রানী মুখার্জি। সেই অনুষ্ঠানে সাইফের কাছে কপিল জানতে চান- ‘ফের বাবা হয়েছেন, দায়িত্ব বেড়ে যাওয়ার কারণেই কি ইদানীং বেশি কাজ করছেন?’ এমন প্রশ্নের জবাবে সাইফ বলেন, ‘না, পরিবারের সদস্য বৃদ্ধির চাপে বেশি কাজ করছি না। আমার ভয় করে। আমি যদি বাড়িতে বসে থাকি, তাহলে নির্ঘাত আমার আরও সন্তান হবে।’ ছোট নবাবের এমন জবাবে কপিল, রানীসহ উপস্থিত সবাই হেসে গড়াগড়ি খান।
এদিকে একটি সাক্ষাৎকারে রানী জানিয়েছেন, ‘সাইফকে বহু বছর ধরে চিনি। একসঙ্গে প্রচুর সিনেমা করেছি। অনেক দিন পর কাজ করে দুজনেরই খুব ভালো লেগেছে। আমার মেয়ে আর ওর ছেলে, শুটিংয়ের ফাঁকে নিজেদের বাচ্চাদের নিয়েই গল্প করতাম।’
তিনি আরও বলেন, ‘কাজের ক্ষেত্রে আমরা পরস্পরকে খুবই সম্মান করি। আমাদের রসায়নের প্রতিফলন তাই পর্দায়ও দেখতে পান দর্শক। এতদিন পরে একসঙ্গে এই সিনেমাটা করতে গিয়ে বুঝতে পারলাম, আসলে আমরা একে অন্যের সঙ্গে কাজ করতে খুবই ভালোবাসি। নিজেরা মাঝে মাঝে বলছিলামও যে, আমাদের জুটি করে আরও বেশি ছবি হওয়া উচিত।’
‘তাসান’ সিনেমার সেটে কারিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাইফ। কিন্তু সম্পর্কের ব্যাপারে প্রথম আগ্রহ দেখিয়েছিলেন কারিনা। তবে তার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে চিন্তায় ছিলেন সাইফ। কারণ, কারিনা তখন বলিউডে দাপিয়ে অভিনয় করছেন। খুব ব্যস্ততম অভিনেত্রী। এমন ব্যস্ত অভিনেত্রীর সঙ্গে আগে কখনও ডেট করেননি তিনি। সম্পর্ক যদি এগিয়ে যায় তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না, সে ব্যাপারেই ভয় পেয়েছিলেন এ অভিনেতা। সে সময় সাইফকে সুপরামর্শ দিয়েছিলেন বন্ধু রানী মুখার্জি।
তিনি বলেছিলেন, ‘সবসময় ভাববে তোমার সম্পর্ক একজন পুরুষের সঙ্গে।’ আসলে কারিনাকে সাইফের সমকক্ষ ভাবতে বলেছিল রানী। এই অভিনেত্রী তাকে বুঝিয়েছিলেন, বাড়িতে দুজন হিরো আছে ভাববে। দুজন কর্মরত দায়িত্ববোধ সম্পন্ন মানুষ। তাহলেই কোনো সমস্যা হবে না।
প্রসঙ্গত, তারকাদের ঘর ভাঙার হিড়িকেও বিয়ের পর সুখে সংসার করছেন সাইফ-কারিনা। ২০১৭ সলের ২০ ডিসেম্বর জন্ম হয় প্রথম ছেলে তৈমুরের। আর ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন নায়িকা। প্রায়ই পরিবার নিয়ে বিদেশে ছুটি কাটাতে যান এই তারকা দম্পতি।
এনএস/টিআই




