
বর্তমানে টালিউডের সবচেয়ে চর্চিত জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। তাদের প্রেম, একসঙ্গে বসবাস, সন্তান গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে এসবের তোয়াক্কা না করে পরিবারের সঙ্গে মধুর সময় কাটছে এই তারকা জুটির।
সম্প্রতি গুঞ্জন ওঠে, এই তারকা দম্পতির সংসারে ছন্দপতন ঘটেছে। হঠাৎ দুজনের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। একে-অন্যকে সহ্য করতে পারছেন না। তাদের দুজনের ইনস্টাগ্রাম পোস্টে এমনই ইঙ্গিত মিলেছে। দুদিন চুপ থাকার পর এবার গুঞ্জনের জবাব দিলেন নুসরাত। তবে সরাসরি কিছু বললেন না। আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে নাচছেন যশ ও মিমি চক্রবর্তী। ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘উইকেন্ডিং… #ড্যাডি #মাসি।’
নুসরাতের ক্যাপশনে বোঝাই যাচ্ছে, তিনি ছেলে ঈশানকে নিয়ে অবসর কাটাচ্ছেন আর টেলিভিশনে যশ ও বান্ধবী মিমির নাচের ভিডিও দেখছেন। আর যশকে ট্যাগ করার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, কিছুটা অভিমান হয়তো হয়েছে। কিন্তু একসঙ্গেই আছেন তারা।
গত শুক্রবার (২৬ নভেম্বর) নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেছিলেন। সেখানে লেখা ছিল, ‘যে ঘরে শান্তি নেই, তা কারাগারের সমান। আর সেরা কারাগার হলো সেই ঘর, যেটা ভালোবাসা দিয়ে তৈরি; যা কিনা কেউ ছেড়ে যেতে চায় না!’
নুসরাতের এমন ইঙ্গিতপূর্ণ বার্তার পর গুঞ্জন শুরু হয় টালিপাড়ায়। এর মধ্যেই আগুনে ঘি ঢালেন যশ। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, ‘কেন খাঁচায় বন্দি আছ? খাঁচার দরজা তো খোলাই রয়েছে।’
যশ ও নুসরাতের দুটি পোস্টের সমীকরণ খুব সোজা। তাদের সম্পর্কে কলহ কিংবা তিক্ততা এসেছে, বোঝাই যাচ্ছে। নেটিজেনরা বলাবলি করেছেন, চিড় ধরেছে দুই তারকার মধুর ভালোবাসায়।
ছেলের জন্মের কয়েক দিন পরেই কাজে ফিরেছেন নুসরাত। যশ ও নুসরাত দুজনই তাদের কাজে ব্যস্ত। এত ব্যস্ততার মাঝেও ছেলেকে বেশ ভালোভাবেই সামলাচ্ছেন তারা। কিছুদিন আগেই নুসরাত জানিয়েছিলেন, ‘ঈশানকে আমরা দুজন বেশ ভালোভাবে দেখাশোনা করছি। আমি যখন কাজে থাকি তখন ওর বাবা (যশ) থাকে, ওর (ঈশান) বাবা যখন কাজে থাকে তখন আমি ছেলেকে সময় দেই। এখন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে ছেলের যত্ন নিতে পারছি।’
স্বামী নিখিল জৈনকে ছেড়েছেন আগেই। তারপর নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের মেলামেশা সবার নজরে আসে। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে আসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তখন অনেকেই ধারণা করেছেন প্রেমিক যশের সঙ্গে লিভটুগেদারের ফল এই ছেলে।
গর্ভবতী হওয়ার পর থেকেই প্রেমিকার ছায়াসঙ্গী হয়ে ছিলেন যশ। হাসপাতালে যাওয়ার পরও নুসরাতের পাশে ছিলেন তিনি। গত ২৬ অগস্ট পুত্রসন্তানের জন্ম দেন তৃণমূলের তারকা সাংসদ নুসরাত। নবজাতকসহ নায়িকাকে বাড়ি নিয়ে আসার কাজটিও করেছে এই অভিনেতা। পরবর্তীতে যশ দাশগুপ্তকেই নিজের সন্তানের বাবা বলে পরিচয় করিয়ে দেন নুসরাত। নিচের ভিডিওতেও অভিনেতা যশকে নিজের স্বামী হিসেবেই সম্বোধন করেছেন তিনি।
এদিকে টালিউড অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে অ্যানালমেন্ট অব ম্যারেজের মামলায় জিতে গেছেন তার সাবেক স্বামী নিখিল জৈন। গত ১৭ নভেম্বর আদালতের নির্দেশে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে।
ক’দিন আগেই নিখিল জানিয়েছেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু নুসরাতকে আমি এখনও ভালোবাসি।’
এনএস/টিআই




