
মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বামী কেনি ওয়েস্টের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে তার। তবে ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করার আশাটা এখনো ছেড়ে দেননি হিপহপ তারকা কেনি। সম্প্রতি এক কনসার্টে হাজারো মানুষের সামনেই নিজের ভালোবাসার মানুষটিকে ফিরে আসার আকুতি জানিয়েছেন তিনি।
গেলো বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে 'ফ্রি ল্যারি হুভার বেনিফিট কনসার্ট'-এ কানাডিয়ান র্যাপার ড্রেকের সঙ্গে পারফর্ম করেন কেনি। এ সময় সাবেক স্ত্রী কিম কার্দাশিয়ানের উদ্দেশে তিনি বলেন, 'খুব শিগগিরই তুমি আমার কাছে চলে আসো!'
আমেরিকান গ্যাং লিডার ল্যারি হুভারের কারামুক্তির দাবি জানিয়ে লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়ামে আয়োজিত হয় এই কনসার্ট। সেখানে নিজের 'রানএওয়ে' গানটি পারফর্ম করার মাঝে হঠাৎ কেনি কনসার্টের মূল উদ্দেশ্য থেকে খানিকটা সরে আসেন এবং নিজের স্ত্রীর মন জয়ের দিকে নজর দেন। আমাজন প্রাইম লাইভস্ট্রিমিং এর মাধ্যমেও এটি সম্প্রচার করা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ সাত বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন কিম কার্দাশিয়ান। কিন্তু কেনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তিনি এখনো এটি মীমাংসা করার আশায় আছেন। তার ভাষ্য, 'আমি বিচ্ছেদের কাগজপত্র দেখিনি, আমাদের তো বিচ্ছেদই হয়নি। আমার সন্তানেরা তাদের মা-বাবাকে একত্রে দেখতে চায়। আমিও আমাদের দুজনকে একসাথেই দেখতে চাই।'
এদিকে শোনা যাচ্ছে, এরই মধ্যে নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন কিম কার্দাশিয়ান। 'স্যাটারডে নাইট লাইভ' কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে প্রেম করছেন তিনি। বিচ্ছেদের পর কিম পিটের সঙ্গে ঘুরতে যাচ্ছেন, একে অপরকে জানার চেষ্টা করছেন।
সূত্র: সিএনএন
এনএস




