
আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরে উন্মুক্ত আয়োজনের মাধ্যমে প্রকাশ করা হয় ‘শান’র ট্রেলার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ ও সিনেমাটির পরিচালক এম রাহিম।
সিয়াম আহমেদ বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আজ এখানেই আমাদের সিনেমার ট্রেলারের মুক্তি দিতে পারছি, যা আমার জন্য অনেক আনন্দের।’
তিনি আরও বলেন, ‘পূজা ও আমার তৃতীয় সিনেমা শান। এবারই প্রথম অ্যাকশন চরিত্রে দেখা যাবে আমাকে। সিনেমা দেখে আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। মুক্তির পর সিনেমাটি দেখবেন আশা করছি।’
পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ব্যানার টাঙিয়ে, পর্দা এনে সিনেমার ট্রেলার দেখানো হয় টিএসসিতে। ট্রেলার প্রকাশের আগে ও পরে উপস্থিত শত শত মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ক্রিয়েটিভ প্রধানও তিনি। আজাদ খান বলেন, ‘শানের মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে।’
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
প্রসঙ্গত, সিয়াম-পূজা চেরি ছাড়াও এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।
এনএস/টিআই




