
বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আজও জলঘোলা কমেনি। ২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাটে এই অভিনেতার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আদৌ আত্মহত্যা নাকি খুন, এ নিয়ে রয়েছে জল্পনা।
সুশান্ত নেই কিন্তু তার সিনেমা, কাজ এখনও চর্চায় থাকে। সেই চর্চায় বড় একটি চমক যোগ হলো এবার। চীনে মুক্তি পাচ্ছে তার অভিনীত সবচেয়ে সফল সিনেমা ‘ছিছোরে’। আগামী ৭ জানুয়ারি দেশটির শতাধিক শহরের ১১ হাজারের বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘ছিছোরে’ সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর। ৫০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা তখন আয় করেছিল ২১৫ কোটি রুপি। এবার চীনের বাজার থেকে মোটা অঙ্কের ব্যবসা করবে বলেও ধারণা সবার।
হিন্দি সিনেমার জন্য চীন একটি বড় ক্ষেত্র। আমির খানের ‘দঙ্গল’ সিনেমা কেবল এই দেশেই ১ হাজার কোটির বেশি আয় করেছিল। এ ছাড়া তার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাটিও চীনে ব্যাপক সাফল্য পায়। সুশান্তের সিনেমাটিও তারুণ্যের গল্প। তাই এই সিনেমার সম্ভাবনাও প্রবল।
এই সিনেমায় সুশান্ত ছাড়াও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন, প্রতীক বব্বর, তুষার পান্ডে, নবীন পলিশেট্টি, তুষার পান্ডে, সহর্ষ কুমার শুক্লা প্রমুখ। প্রযোজনায় ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা।
এনএস/টিআই




