
বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের প্রেমের খবর সকলের জানা। দীর্ঘদিন ধরেই প্রেম করছেন তারা। একে-অন্যের জন্মদিনে বিশেষ ছবির মাধ্যমে শুভেচ্ছা জানানো, পারিবারিক মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেও প্রমাণ করেছেন, ভালোবাসাটা কেবল দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। দুটি পরিবারেই মিশে গেছে।
আপাতত বলি পাড়ায় চলছে বিয়ের ধুম। আর তাই রণবীর-আলিয়া কবে বিয়ে করবেন? কোথায় বিয়ে করবেন? তা জানতে আগ্রহী অনুরাগীরা।
বর্তমানে রণবীর-আলিয়ার প্রেমের কথা সবার মুখে মুখে থাকলেও একটা সময়ে তাদের একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তাহলে কার মাধ্যমে প্রেম হলো, ভক্তদের মনে এমন প্রশ্নটা বারবারই আসে।
বলা যায়, এই পুরো কৃতিত্বটাই রণবীর ও আলিয়ার বন্ধু পরিচালক অয়ন মুখার্জির। তিনি এই জুটিকে নিয়ে প্রথম থেকেই বেশ পজেসিভ ছিলেন।
২০১৭ সালে অয়ন পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’তে একসঙ্গে কাজ শুরু করেন রণবীর-আলিয়া। সেখান থেকে তাদের বন্ধুত্ব ও প্রেম। তবে অয়ন চাননি তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসুক।
এ প্রসঙ্গে অয়ন বলেন, ‘‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে তাদের দু’জনকে একসঙ্গে দেখা যাক, সেটা আমি চাইনি। তাই শুটিংয়ের সময় ওদের উপর চোখ রাখতাম। যখনই একসঙ্গে বের হতো আমি আক্ষেপ করে বলতাম, তোমরা দু’জনে মিলে আমার সিনেমাটাকে শেষ করে দিচ্ছ।”
জানা গেছে, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে আধুনিক মিথোলজি ‘ব্রহ্মাস্ত্র’। রণবীর-আলিয়া ছাড়াও এতে আরও রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া ও মৌনী রায়।
এদিকে গুঞ্জন রয়েছে, রণবীর ও আলিয়ার পরিবার এই দুই তারকার বিয়ের পরিকল্পনা করে ফেলেছেন। ২০২২ সালের ডিসেম্বর বা ২০২৩ সালের জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়বেন তারা। ইতোমধ্যেই বিয়ে নিয়ে সব কথা ফাইনাল করে ফেলেছেন মহেশ ভাট ও নীতু কাপুর।
ডেস্টিনেশন ওয়েডিংয়ে একেবারেই বিশ্বাসী নন রণবীর ও আলিয়া। শুধু দূরে নয়, প্রচুর খরচ করে বিলাসবহুল বিয়ে করতে রাজি নন আলিয়া ও রণবীর। বরং সাদামাটা ঘরোয়া পরিবেশে বিয়েই তাদের পছন্দ। তাদের বিয়েতে যে পরিবারই গুরুত্ব পাবে, তাও জানিয়েছেন এই জুটি। আলিয়ার বয়স্ক বাবা মহেশ ভাট ও রণবীরের কাকার পক্ষে অন্যত্র গিয়ে বিয়েতে হাজির হওয়া সম্ভব নয় বলেই আলিয়া-রণবীর এ সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইয়ের সাত তারা হোটেলেই তাদের বিয়ে হবে।
এনএস




