
আজমেরি হক বাঁধন। এই অভিনেত্রীর এখন বলার মতো অনেক গল্প কিংবা তাকে নিয়েই এখন অনেক গল্প। গল্পের বাইরে আবার উপস্থিত হয় নানা গসিপও। তার সাফল্যের পেছনে রয়েছে হাসি, কান্না, আনন্দ-বেদনা।
গেলো ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি উপলক্ষ্যে আয়োজিত এক আড্ডায় বাঁধনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি প্রেম কিংবা বিয়ের প্রস্তাব পাচ্ছেন কী না? একগাল হেসে বাঁধনের উত্তর, ‘আমি যে মানসিক অবস্থায় আছি, সেখান থেকে আমার জন্য এটা কঠিন। আমাকে নিতে পারাও আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের পুরুষদের জন্য কঠিন হবে।’
তার সেই মন্তব্য নিয়েই সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপ হয় বাঁধনের। মন্তব্যটি জেনে বুঝেই করেছেন বলে জানান এই অভিনেত্রী। বাঁধন বলেন, 'পুরুষ শব্দটা আমি ব্যবহার করেছি পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পুরুষদের জন্য। এখন পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পুরুষরা যদি আমার ওই কথায় ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হন বা আহত হন সেখানে আমার কিছুই করার নেই। তাদের পক্ষে আসলেই আমাকে নেওয়া সম্ভব না।'
পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের আঘাতে আঘাতে শক্ত হয়েছেন বাঁধন। তিনি হয়ে উঠেছেন প্রতিবাদী নারী। তবে তার জীবন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক পুরুষেরও অবদান রয়েছে বলে নির্দ্বিধায় স্বীকার করেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, 'পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী-পুরুষ উভয়ই যে মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, তার প্রমাণও আছে আমাদের আশেপাশে। সেখানে কিন্তু কেনো সমস্যা নাই। আমি সবসময় বলে এসেছি, আমার জীবন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নারীদের চেয়ে সমাজের অনেক পুরুষের ভূমিকা অনেক বেশি। সেই জায়গা থেকে যে পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পুরুষদের কথা বলেছি, সে জায়গায় থেকে তারা যদি ব্যক্তিগতভাবে আহত হয়ে থাকেন, সেখানে আমার কিছু করার নেই।'
বাঁধন বলেন, 'আমার আগের সেই সংগ্রাম বহুগুণ বেড়েছে এখন। আমি আগের মতো ভেঙে পড়া দূর্বল বাঁধনটি আর নেই। যে আমাকে খুব সহজেই ধুমরে মুচরে ফেলে দেওয়া যাবে। আমার বাচ্চার কেসটা এখনও কোর্টে চলছে। কিছুদিন পূর্বে কেসের একটা রায় হয়েছে । সে রায়টা নিয়ে আমি বলবো। এখনও আমার আগে সামাজিক যে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিলো সেটাও আছে। আমার আশেপাশের যে মানুষগুলো যে রকম ছিলেন যেভাবে যেভাবে আমাকে ট্রমাটাইজ করেছেন, হিমিলিয়েট করেছেন তারা এখনো তাদের জায়গা একেবারে অনড় আছেন। কেউ কেউ রূপ চেঞ্চ করেছেন। তারা এখন ভালো বলার চেষ্টা করেন। কিন্তু বেশির ভাগ মানুষই তার তার অবস্থানে আছেন। পরিবর্তন হয়েছে শুধু আমার ভেতরে। আমি এসব আর এখন গায়ে লাগাই না।'
এর আগে আরটিভি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাঁধন তার ব্যক্তিগত জীবন প্রসঙ্গে জানিয়েছেন, 'আমি আর আমার মেয়ে ভালো আছি। আর আপনি তো জানেন যে আমার বাবা-মায়ের বাসায় থাকি আমি। আমার বাবা-মা দুজনেই ভালো আছেন। এইতো এভাবেই চলছে। এখন আসলে নিজের উপরে ফোকাস করছি। নিজেকে ভালোবাসার চেষ্টা করছি। নিজের ব্যাপারে যত্ন নেওয়ারও চেষ্টা করছি। এটাই এখন বেশি কাজে দিচ্ছে। নিজেকে সময় দিতে চাচ্ছি। এইতো জীবন।'
এনএস




