
তারকা মানেই হলো, তাদের খবরে দর্শকদের একটু বাড়তি উত্তেজনা। তাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তি জীবনে কখন কি ঘটে তার সবটুকু জানা চাই। সেক্ষেত্রে যদি তারকা দম্পতি হয় তাহলে তো আর কথাই নেই। এরকমটাই ঘটেছে সদ্য তারকা দম্পতির সন্তানের খবর প্রকাশ্যে আসায়। বলছি জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কথা। একজন ক্যামেরার পেছনের মানুষ অন্যজন ক্যামেরার সামনের। তারা দুজনই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। এ কথা অবশ্য নতুন করে বলার কিছু নেই।
ভালোবাসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। দীর্ঘ এক যুগে সেই ভালোবাসার ঘরে শুধু অপেক্ষা ছিল সন্তানের। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৮ ডিসেম্বর রাতে তারা উভয়ই হাস্যজ্জল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান তিশা মা হতে চলেছেন আর ফারুকী বাবা।
এরপর থেকেই সেই পোস্টে ও তাদের মুঠোফোনে শুভেচ্ছা বার্তা পৌঁছাতে থাকে। এই বার্তায় তাদের ভক্তরা তো রয়েছেনই সেই সঙ্গে আছেন, দীর্ঘ দিনের সহকর্মী ও শুভাকাঙ্খীরা। মূলত বলা চলে তারা দুজনই বেশ প্রশংসার জোয়ারে ভাসছেন। ছবি, পোস্ট শেয়ার করে অনেক জনপ্রিয় তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ফারুকী-তিশাও তাদের অনাগত সন্তানের জন্য সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।
অবশেষে ভালোবাসায় পরিপূর্ণতা পেতে যাচ্ছে তাদের সংসার। তারকা এই দম্পতির ঘর আলো করে পৃথিবীতে আসুক এক নতুন মুখ। সুস্থ থাকুক তারা দুজনই। এমনটাই প্রত্যাশা করছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্খীরা।
কেইউ/এসকে




