
তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। সোশ্যাল মিডিয়ায় সুখবর দিতেই সকলের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই তারকা দম্পতি। অবশেষে ভালোবাসায় পরিপূর্ণতা পেতে যাচ্ছে তাদের সংসার।
এদিকে তিশার মা হওয়ার খবরে ফারুকীর প্রতিক্রিয়া কেমন ছিলো, সেটি জানতে এই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি গণমাধ্যমকে জানান, ‘আমার স্পষ্ট মনে আছে, খবরটা শুনে ফারুকী বিছানা থেকে উঠে সুন্দর একটা নাচ দিল (হাসি)।’
তিনি আরও বলেন, ‘প্রথম যখন শুনেছি, সেই আনন্দের খবরটা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি কনসিভ করেছি, খবরটা আমি ফারুকীকে জানাই। ফারুকীর আনন্দ দেখে মনে হয়েছে, সেও জীবনের সবচেয়ে বড় হ্যাপি একটা সংবাদ পেল। তাকে তো ভারী ভারী সব কথা বলতে দেখেছি। ডিরেকশনের সময় অন্য রকম একজন, সেই তাকে দেখছি, নাচছে, তাহলে বোঝেন, কী পরিমাণ খুশি হয়েছিল!’
কয়েক মাস আগেই মা–বাবা হওয়ার খবরটি জানতে পারেন তিশা ও ফারুকী। মাসখানেকের মধ্যে তাদের অনাগত সন্তান পৃথিবীর আলো দেখতে যাচ্ছে। এই আনন্দের সংবাদ আসার পর থেকে জীবনের সেরা সময় কাটছে এই তারকা দম্পতির পরিবারে।
মা হওয়া নারীর জীবনের অন্যতম একটি সুন্দর অধ্যায়। সেই খবরটা এত দিন প্রকাশ করতে না চেয়ে এই সময়ে প্রকাশ করার পেছনে কারণ জানিয়ে তিশা বলেন, ‘মা হওয়া ও সন্তানের বিষয়টা একেবারেই ব্যক্তিগত বিষয়। এ কারণেই বিষয়টা ব্যক্তিগত রাখতে চেয়েছি। এটা স্পর্শকাতর বিষয় বলেও মনে করছি। মনে হয়েছে, একটা নির্দিষ্ট সময়েই এটা জানাব। আমার কাছে মনে হয়েছে, এখনই সেই সময়। আমার দর্শক, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যাঁরা আমাকে ভালোবাসেন, তারা এই সুখবরটি শুনলে আমার জন্য দোয়া করবেন। সবকিছু মিলেই এখন জানানো।’
প্রসঙ্গত, ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘ এক যুগ ধরে হাসিমুখে সংসার করে যাচ্ছেন তারা। তারকা এই দম্পতির ঘর আলো করে পৃথিবীতে আসুক এক নতুন মুখ। সুস্থ থাকুক তারা দুজনই। এমনটাই প্রত্যাশা করছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্খীরা।
এনএস




