
ক্ষুদে গানরাজ খ্যাত গায়ক সজীব দাস। প্রতিযোগিতার মঞ্চে ছোট্ট সজীব বড়দের কঠিন কঠিন সব গান সহজভাবে গেয়ে সবাইকে অবাক করে দিয়েছিলো। সেই ছোট্ট সজীব এখন বড় হয়েছেন। গায়ক পরিচয়ের পাশাপাশি সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করছেন। এবার ‘ক্লান্ত লাগে’ শিরোনামে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
গানের কথা লিখেছেন শামীম রেজা। সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীত আয়োজনে মার্সেল। খুব শিগগির ভিডিওসহ গানটি প্রকাশ্যে আসবে।

সজীব জানান, 'নতুন গান সংশ্লিষ্ট সবাই আমার সিনিয়র এবং সবাই ভীষণ প্রিয়। তাদের সঙ্গে কাজ করতে পেরেছি, এটাই আমার জন্য বড় প্রাপ্তি।'
গানটি প্রসঙ্গে শামীম রেজা বলেন, 'সজীবের ছোটবেলা থেকেই আমি তার কণ্ঠের ভক্ত। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার গলার ধার বেড়েছে বহুগুণ। গানের যেমন সুর-সঙ্গীত আশা করেছিলাম লুৎফর-মার্সেল তেমনটিই করেছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'

অন্যদিকে লুৎফর হাসানের ভাষ্য, ''সজীবের কণ্ঠে 'আমি দাম দিয়ে কিনেছি বাংলা' গানটা আমি নিয়মিত শুনি। তারপর থেকে ভাবছিলাম ওর জন্য একটা গান করব। আমার সঙ্গে সজীবের যখন দেখা হয়, তখন সে পিচ্চি। সেই সজীব এখন নিজেই মিউজিক করে, কী দারুণ সুর করে। আর তার গায়কী তো অসামান্য। শামীম ভাইয়ের লিরিক নিয়ে আমি নিয়মিত কাজ করি। এবার একটা গান দিয়ে বললেন 'কাকে দিয়ে গাওয়ানো যায়?'। মার্সেল বলল, এই গানের জন্য তার পছন্দের শুরুতে সজীব। গাইলো সজীব। তার জন্য শুভকামনা।''




